কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। র্যাবের দাবি, গ্রেপ্তার মোহাম্মদ জহির (১৯) মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সক্রিয় সদস্য।শনিবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উখিয়ার ১১ নম্বর ক্যাম্পের মরাগাছতলা এলাকায় একটি সড়কে তল্লাশিচৌকি বসিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।র্যাব-১৫–এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার জহির উখিয়ার ময়নারঘোনা ১২ নম্বর ক্যাম্পের ব্লক-২-এর বাসিন্দা রশিদ আহম্মদের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জহির নিজেকে আরসার সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন। র্যাবের দাবি, তিনি দীর্ঘদিন ধরে ক্যাম্পের ভেতরে অস্ত্র বহনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।গ্রেপ্তার জহিরের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।