ফরিদপুরের ভাঙা উপজেলায় মাদক ব্যবসার প্রতিবাদে এক দম্পতির নির্মাণাধীন ভবন গুঁড়িয়ে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার (৫ জুন) সকালে উপজেলার আগলী ইউনিয়নের চণ্ডীদাসী এলাকায় এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার বাসিন্দা আইয়ুব ও তার স্ত্রী ময়না দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। তাদের কারণে এলাকার যুবসমাজ নেশাগ্রস্ত হয়ে পড়ছে; এমন অভিযোগে এলাকাবাসী তাদের একাধিকবার সতর্ক করেন। তবে তারা মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন। এর প্রতিবাদে আজ সকালে স্থানীয় লোকজন ঐক্যবদ্ধ হয়ে ওই দম্পতির নির্মাণাধীন ভবনটি ভেঙে দেন।এ ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্য পৌঁছাননি।