সংবাদ

গোপালগঞ্জে বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৫

গোপালগঞ্জে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক শিশু ও এক অন্তঃসত্ত্বা নারীসহ ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বাসের অন্তত ২০ জন যাত্রী। বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জ শহরতলির বেদগ্রাম এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করতে পারেনি পুলিশ। তবে নিহতদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারী, ১২ বছর বয়সী এক শিশু এবং তিনজন পুরুষ রয়েছেন।ফায়ার সার্ভিস, পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা পিরোজপুরগামী ‘দোলা পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস দুপুরে বেদগ্রাম এলাকায় পৌঁছায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর বাসটি মহাসড়কের ওপর উল্টে যায় এবং মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহীসহ ৪ জন মারা যান।খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা স্থানীয় লোকজনের সহায়তায় আহত ব্যক্তিদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ ও জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১২ বছরের এক শিশুর মৃত্যু হয়। আহত অন্য যাত্রীদের একই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।দুর্ঘটনার খবর পেয়ে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর, জেলা প্রশাসক মো. আরিফ উজ জামান এবং পুলিশ সুপার হাবীবুল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন।গোপালগঞ্জ সদর থানার পুলিশ জানায়, নিহতদের লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেলটি সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

গোপালগঞ্জে বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৫