গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) বিজয় দিবস হলের ডাইনিংয়ে শিক্ষার্থীদের নিষিদ্ধ পিরানহা মাছ পরিবেশনের অভিযোগ উঠেছে। রূপচাঁদা মাছের নামে এই ক্ষতিকর মাছ পরিবেশন করায় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।
শিক্ষার্থীদের অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩১ জুলাই (শুক্রবার) রাতে হলের ডাইনিংয়ে রূপচাঁদা মাছের নাম করে অতিরিক্ত দামে পিরানহা মাছ পরিবেশন করা হয়। খাবার খাওয়ার সময় কয়েকজনের পাতে মাছের তীক্ষ্ণ দাঁত দেখে সন্দেহ জাগে। তাৎক্ষণিকভাবে ডাইনিং কর্তৃপক্ষ মাছটি রূপচাঁদা বলে দাবি করলেও শিক্ষার্থীদের জেরার মুখে একপর্যায়ে পরিচালক মনির ইসলাম স্বীকার করেন যে সেটি পিরানহা ছিল।
বাংলা বিভাগের শিক্ষার্থী ও বিজয় দিবস হলের আবাসিক ছাত্র মাসুম পারভেজ বলেন, ‘হলের ডাইনিংয়ে নিয়মিত পিরানহা মাছ পরিবেশন করা হচ্ছে। বিষয়টি একাধিকবার জানানোর পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমাদের স্বাস্থ্যঝুঁকির বিষয়টি বিবেচনা করে প্রশাসনের দ্রুত তদন্ত ও ব্যবস্থা নেওয়া উচিত।’
অভিযোগের বিষয়ে ডাইনিং পরিচালক মনির ইসলাম বলেন, ‘শিক্ষার্থীরা যদি এই মাছ খেতে না চায়, তবে ভবিষ্যতে আর এটি রান্না করা হবে না।’
বিজয় দিবস হলের প্রভোস্ট রবিউল ইসলাম এ বিষয়ে বলেন, ‘হল কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নিষিদ্ধ মাছ পরিবেশনের কোনো সুযোগ নেই। বিষয়টি আমি আগে জানতাম না। অভিযোগের সত্যতা যাচাই করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
উল্লেখ্য, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন অনুযায়ী ২০০৮ সাল থেকে বাংলাদেশে পিরানহা মাছের উৎপাদন, বিপণন ও পরিবহন নিষিদ্ধ। এই আইন অমান্য করলে জেল ও জরিমানার বিধান রয়েছে। এর আগেও এই হলের ডাইনিংয়ে পুঁইশাকের খোসাসহ রান্নার মতো নিম্নমানের খাবার পরিবেশনের অভিযোগ উঠেছিল।
আপনার মতামত লিখুন