মানিকগঞ্জে একটি মাদক মামলায় জামিনে মুক্তি পাওয়ার মাত্র এক মাসের মাথায় আবারও চুরির অভিযোগে মো. রাসেল মিয়া (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। রোববার (২৩ আগস্ট) দুপুরে ঢাকার ধামরাই উপজেলার জয়পাড়া এলাকা থেকে একটি চুরি হওয়া প্রাইভেটকারসহ তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার রাসেল মিয়া মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে। পিবিআই জানিয়েছে, রাসেলের বিরুদ্ধে এর আগেও একাধিক চুরি ও মাদক মামলা রয়েছে।পিবিআই সূত্র জানায়, গত শনিবার রাতে মানিকগঞ্জ সদর উপজেলার পালড়া এলাকার একটি গ্যারেজে নিজের প্রাইভেটকারটি রেখে যান মালিক মহসীন মিয়া। রোববার ভোরে তিনি গ্যারেজে গিয়ে দেখেন দরজার তালা ভাঙা এবং ভেতরে গাড়িটি নেই। তাৎক্ষণিকভাবে বিষয়টি পিবিআইয়ের মানিকগঞ্জ জেলা কার্যালয়কে জানানো হয়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় দ্রুত গাড়িটির অবস্থান শনাক্ত করে ধামরাইয়ের জয়পাড়া কালিমন্দির এলাকায় অভিযান চালিয়ে গাড়িটি উদ্ধার ও রাসেলকে গ্রেপ্তার করা হয়।পিবিআই মানিকগঞ্জের পুলিশ সুপার জয়িতা শিল্পী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাসেল গাড়ি চুরির কথা স্বীকার করেছেন। তিনি পেশাদার চোর ও মাদক কারবারি। বিভিন্ন অপরাধে তিনি এর আগেও একাধিকবার জেল খেটেছেন। সর্বশেষ একটি মাদক মামলায় মাসখানেক আগে তিনি জামিনে কারাগার থেকে বের হন।পুলিশ সুপার আরও জানান, এই চোর চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে। রাসেলের বিরুদ্ধে নতুন করে চুরির মামলা প্রক্রিয়াধীন।