সংবাদ

নওগাঁয় সমবায় সমিতির কোটি টাকা ‘গায়েব’, আমানতকারীদের মানববন্ধন

নওগাঁর পত্নীতলায় একটি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির বিরুদ্ধে কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ তুলেছেন ভুক্তভোগী গ্রাহকেরা। আমানতের টাকা ফেরতের দাবিতে বুধবার (২২ জুলাই) দুপুরে নজিপুর পৌরসভার নতুনহাট চার রাস্তার মোড় এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ করেছেন কয়েক শ গ্রাহক।ভুক্তভোগীদের অভিযোগ, ‘স্বপ্নভূমি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড’ নামে ওই প্রতিষ্ঠানটি অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে কয়েক বছর ধরে সাধারণ মানুষের কাছ থেকে কয়েক কোটি টাকা সংগ্রহ করে। এখন টাকা ফেরত চাইলে গ্রাহকদের নানাভাবে হয়রানি ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।মানববন্ধনে বক্তব্য দেন ভুক্তভোগী আবু বক্কর সিদ্দিক, আসাফউদ্দৌলা চৌধুরী, রোকছানা পারভীন লাকি ও নূর ইসলাম বাবুসহ অন্যরা। বক্তারা বলেন, ২০২০ সালে ওবায়দুল ইসলাম নান্টু ও আপেল মাহমুদসহ কয়েকজন মিলে এই সমিতি গড়ে তোলেন। নজিপুর এলাকার নিম্ন ও মধ্যবিত্ত মানুষ বেশি লাভের আশায় তাদের কষ্টার্জিত অর্থ সেখানে জমা রাখেন। কিন্তু লভ্যাংশ দূরে থাক, আসল টাকা চাইলেই শুরু হয় টালবাহানা।আবু বক্কর সিদ্দিক নামের এক গ্রাহক দাবি করেন, তিনি একাই ১৬ লাখ টাকা আমানত রেখেছেন। এ ছাড়া আরও অনেকের লাখ লাখ টাকা আটকে রয়েছে। টাকা ফেরতের দাবিতে সোচ্চার হলে তাদের মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তারা। এ ঘটনায় ভুক্তভোগীরা পত্নীতলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগের বিষয়ে সমিতির সাধারণ সম্পাদক আপেল মাহমুদ বলেন, ‘রাজনৈতিক পটপরিবর্তনের ফলে ব্যবসায়িক ক্ষতির মুখে পড়ায় সময়মতো টাকা পরিশোধে সমস্যা হচ্ছে। তবে আমরা পর্যায়ক্রমে গ্রাহকদের পাওনা পরিশোধের চেষ্টা করছি।’পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক বলেন, এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নওগাঁয় সমবায় সমিতির কোটি টাকা ‘গায়েব’, আমানতকারীদের মানববন্ধন