পাবনা সদর থানা এলাকায় যৌথ অভিযান চালিয়ে চারটি অবৈধ আগ্নেয়াস্ত্র ও ১৬টি কার্তুজসহ চারজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শনিবার (১১ এপ্রিল) দিবাগত রাত তিনটার দিকে পাবনা সদরের হাড়িবাড়ীয়া ও বিলভেদুড়িয়া এলাকায় এ অভিযান চালানো হয়।র্যাব-১০-এর ফরিদপুর ও লালবাগ ক্যাম্প এবং র্যাব-১২-এর একটি আভিযানিক দল সমন্বিতভাবে এই অভিযান পরিচালনা করে।গ্রেপ্তারকৃতরা হলেন-আলী রোহান রাকা (২১), মো. আকাশ প্রামাণিক (২২), আব্দুস সালাম ঠান্ডু (৫২) এবং মো. সিরাজুল ইসলাম (৩০)।ফরিদপুর র্যাব-১০ ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অবৈধ অস্ত্র ও মাদক কেনাবেচার খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নেন। পরে গভীর রাতে ঝটিকা অভিযান চালিয়ে আসামিদের কাছ থেকে একটি দেশীয় ওয়ান শ্যুটার গান, দুটি শ্যুটার গান, একটি রিভলবার এবং ১৬টি কার্তুজ উদ্ধার করা হয়।র্যাব-১০-এর মিডিয়া শাখা জানিয়েছে, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ অস্ত্র উদ্ধারে র্যাবের এই নিরলস তৎপরতা অব্যাহত থাকবে। অপরাধ দমনে সাধারণ জনগণের সহযোগিতা কামনা করে র্যাব কর্তৃপক্ষ জানিয়েছে, যেকোনো তথ্য দিয়ে সহায়তা করলে বড় ধরনের অপরাধ মোকাবিলা করা সম্ভব। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।