চাহিদামতো সার না পাওয়ার অভিযোগে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন আমন চাষিরা। সোমবার (১০ আগস্ট) দুপুরে লালমনিরহাটের কালীগঞ্জ বাজারে কয়েক হাজার কৃষক মহাসড়কে অবস্থান নিয়ে এই কর্মসূচি পালন করেন। এতে সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকে পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।কৃষকদের অভিযোগ, আমন মৌসুমে সার সংগ্রহ করতে তারা স্থানীয় ‘মাধু ভট্টাচার্য ডিলার পয়েন্টে’ যান। সেখানে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেও অনেকে সার পাননি। একপর্যায়ে সার না দিয়েই ডিলার পয়েন্টটি হঠাৎ বন্ধ করে দিলে কৃষকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে তারা বাধ্য হয়ে মহাসড়কে অবস্থান নেন। কৃষকদের আশঙ্কা, সময়মতো সার দিতে না পারলে আমন উৎপাদনে বড় ধস নামবে।অবরোধের ফলে মহাসড়কের উভয় পাশে শত শত পাথর ও পণ্যবাহী ট্রাকসহ অসংখ্য যানবাহন আটকে পড়ে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। খবর পেয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম ও পুলিশ ঘটনাস্থলে যান। প্রশাসন আগামী দুই দিনের মধ্যে পর্যাপ্ত সার সরবরাহের আশ্বাস দিলে প্রায় দুই ঘণ্টা পর কৃষকেরা অবরোধ তুলে নেন।ইউএনও সাইফুল ইসলাম বলেন, কৃষকদের ক্ষোভের বিষয়টি গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে। আগামী দুই দিনের মধ্যে পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত করা হবে। তিনি হুঁশিয়ারি দেন, কোনো ডিলার যদি কৃত্রিম সংকট তৈরি করে বা অনিয়মে জড়ায়, তবে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।