সংবাদ

শ্রীমঙ্গলে ১৮ ফুট লম্বা অজগর উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লোকালয় থেকে ১৮ ফুট লম্বা ও ৩৫ কেজি ওজনের একটি বিশালাকার অজগর উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের ৫ নম্বর পুল এলাকার বন্ধন কমিউনিটি সেন্টারের পাশের সড়ক থেকে সাপটি উদ্ধার করা হয়। পরে অজগরটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা একটার দিকে স্থানীয় এক বাসিন্দা সড়ক দিয়ে যাওয়ার সময় অজগরটিকে দেখতে পান। খবরটি ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয়। একপর্যায়ে কিছু লোক সাপটিকে মারার চেষ্টা করলে সচেতন কয়েকজন ব্যক্তি সেবা ফাউন্ডেশনে খবর দেন। খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ও বাবুল রবিদাস ঘটনাস্থলে গিয়ে অজগরটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে।ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, গত ৬ দিনে শ্রীমঙ্গলে এটি উদ্ধার হওয়া তৃতীয় বড় অজগর। এর আগে ১৬ জুলাই আরও ২ টি অজগর উদ্ধার করা হয়েছিল। বনাঞ্চল উজাড় হওয়া এবং খাদ্যের সংকটের কারণে বন্য প্রাণীরা লোকালয়ে চলে আসছে। এতে অনেক সময় প্রাণীগুলো মানুষের হাতে বা যানবাহনের চাপায় মারা পড়ছে। বন্য প্রাণী রক্ষায় স্থানীয়দের আরও সচেতন হওয়া প্রয়োজন।উল্লেখ্য, বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সীতেশ রঞ্জন দেবের মৃত্যুর পর তার ছেলে স্বপন দেব সজল বর্তমানে বন্য প্রাণী উদ্ধারের এই কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। বাবার মৃত্যুর শোক কাটিয়ে তার এই উদ্যোগ স্থানীয়ভাবে বেশ প্রশংসিত হচ্ছে।\ 

শ্রীমঙ্গলে ১৮ ফুট লম্বা অজগর উদ্ধার