নরসিংদীর রায়পুরা উপজেলার মেথিকান্দা রেলস্টেশনে দুর্বৃত্তদের হামলা ও লুটের শিকার বাক্প্রতিবন্ধী পরিচ্ছন্নতা কর্মী ববি বেগম (৭৫) মারা গেছেন। বুধবার (৮ জুলাই) রাত ১টা ১৫ মিনিটে উন্নত চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে তার মৃত্যু হয়।
নরসিংদী জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ফরিদা গুলশানারা কবির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার (৮ জুলাই) সকাল ৯টার দিকে পুলিশের মাধ্যমে ববি বেগমের মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে আনা হয়। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৪ জুলাই গভীর রাতে একদল দুর্বৃত্ত মেথিকান্দা রেলস্টেশনের একটি পরিত্যক্ত কক্ষে ঢুকে বাক্প্রতিবন্ধী বৃদ্ধা ববি বেগমের ওপর নির্মম হামলা চালায়। এ সময় তাকে মারধর করে দীর্ঘদিনের কষ্টার্জিত ও সঞ্চিত প্রায় ৪০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। পরে স্টেশনের কর্মীরা তাকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
প্রাথমিক চিকিৎসা শেষে তাকে আবার স্টেশনে ফিরিয়ে আনা হয়। এরপর কিছুটা সুস্থ থাকলেও মঙ্গলবার রাতে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে রেফার করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই অ্যাম্বুলেন্সে তার মৃত্যু হয়।
প্রায় দুই যুগ আগে এক দুপুরে একটি ট্রেন থেকে মেথিকান্দা রেলস্টেশনে নেমেছিলেন বাক্প্রতিবন্ধী ববি বেগম। এরপর আর কোথাও যাননি। স্টেশনই হয়ে ওঠে ওনার স্থায়ী আশ্রয়। বিনা বেতনে প্ল্যাটফর্ম ঝাড়ু দেওয়া, শৌচাগার পরিষ্কারসহ বিভিন্ন পরিচ্ছন্নতার কাজ করেই কাটিয়ে দেন জীবনের দীর্ঘ সময়।
বয়সের ভারে নুয়ে পড়লেও মানবিক বিবেচনায় স্টেশন কর্তৃপক্ষ ওনাকে স্টেশনের একটি পরিত্যক্ত কক্ষে থাকার ব্যবস্থা করে দেয়। স্টেশন ও আশপাশের মানুষ এবং যাত্রীরা তাকে খাবার ও সামান্য আর্থিক সহায়তা দিতেন। সেই অর্থের বেশির ভাগই তিনি খরচ না করে জমিয়ে রেখেছিলেন। আর সেই সঞ্চিত টাকার লোভেই দুর্বৃত্তরা তার ওপর হামলা চালিয়ে টাকা লুট করে নেয় বলে স্থানীয়দের ধারণা।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। প্রশাসন, পুলিশ ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন তার পাশে দাঁড়ায়। তবে শেষ পর্যন্ত মৃত্যুর সঙ্গে লড়াইয়ে হার মানেন এই অসহায় নারী।
ববি বেগমের মৃত্যুর খবরে রায়পুরাজুড়ে শোকের ছায়া নেমে আসে। ঘরবাড়ি ও স্বজনহীন এই নারীর মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মহলে শোক প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সর্বস্তরের মানুষ।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান জানান, এ ঘটনায় ভৈরব রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। রেলওয়ে পুলিশের সঙ্গে সমন্বয় করে অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বুধবার, ০৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন