সিলেট কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কর্মকর্তা ও কর্মচারীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত তিন দিনব্যাপী ইন-হাউস প্রশিক্ষণ শেষ হয়েছে। বুধবার (৮ জুলাই) নগরের মেন্দিবাগে কমিশনারেট কার্যালয়ে এই প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন হয়।
প্রশিক্ষণে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। এতে মূল্য সংযোজন কর (মূসক) আইন-২০১২, মূসক বিধিমালা এবং সদ্য ঘোষিত জাতীয় বাজেটে আনা গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ ছাড়া আধুনিক প্রযুক্তিনির্ভর ও শতভাগ ডিজিটাল মূসক ব্যবস্থা বাস্তবায়নে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে সমন্বয় রেখে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রশিক্ষণে জানানো হয়, সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরে সিলেট কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রাজস্ব আদায়ে ১৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। কর্মকর্তারা মনে করছেন, এটি কমিশনারেটের কার্যকর প্রশাসনিক দক্ষতা ও রাজস্ব ব্যবস্থাপনার ইতিবাচক ফল।
সিলেট কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার খন্দকার নাজমুল হক বলেন, ‘কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা উন্নয়ন ও যুগোপযোগী জ্ঞান অর্জনে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতে ব্যবসায়ী ও করদাতাদের অংশগ্রহণেও এমন প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হবে।’
আপনার মতামত লিখুন