সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে চাঁদপুরে ভারী বৃষ্টিপাত হয়েছে। সোমবার (২০ জুলাই) দুপুরে মাত্র ৩ ঘণ্টার টানা বর্ষণে শহরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থী ও অফিসগামী মানুষ।
চাঁদপুর আবহাওয়া কার্যালয়ের কর্মকর্তা শাহ মুহাম্মদ শোয়েব জানান, দুপুর ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত জেলায় ৯০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শ্রাবণের এই ভারী বর্ষণে শহরের নিচু এলাকাগুলো তলিয়ে গেছে।
সরেজমিনে দেখা যায়, আজ ভোরে একবার এবং দুপুর ১২টার পর থেকে দ্বিতীয় দফায় টানা বৃষ্টি শুরু হয়। এতে শহরের প্রধান প্রধান সড়কসহ অলিগলিতে পানি জমে যাওয়ায় রিকশা ও অটোরিকশা চলাচল ব্যাহত হচ্ছে। অনেক স্থানে ড্রেনের ময়লা পানি উপচে সড়কে চলে আসায় পথচারীদের ভোগান্তি চরমে পৌঁছেছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় দেশের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ১৯৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে আগামী কয়েক দিন বৃষ্টির এই প্রবণতা অব্যাহত থাকতে পারে।
আপনার মতামত লিখুন