ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগতির বাসের ধাক্কায় এক নারী (৩২) নিহত হয়েছেন। সোমবার (২০ জুলাই) বিকেল চারটার দিকে উপজেলার ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে নিহত নারীর পরিচয় এখনো পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ওই নারী ঢাকা অভিমুখী ‘আরাম পরিবহন’-এর একটি বাস থেকে ফেরিঘাট এলাকায় নামেন। এরপর তিনি রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য মরদেহটি হাঁসাড়া হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। দুর্ঘটনাস্থল থেকে নিহতের একটি মোবাইল ফোন, একটি ব্যাগ ও নগদ এক হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম সংবাদকে বলেন, অজ্ঞাত ওই নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
মহাসড়ক ও এক্সপ্রেসওয়েতে যাতায়াতের সময় পথচারীদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়ে সফিকুল ইসলাম বলেন, নিরাপদ পারাপারের জন্য নির্ধারিত ফুটওভার ব্রিজ বা ফ্লাইওভার ব্যবহার করা অত্যন্ত জরুরি। সামান্য অসতর্কতা বড় ধরনের বিপদ ডেকে আনতে পারে।
আপনার মতামত লিখুন