যশোরে প্রায় অর্ধকোটি টাকা মূল্যের দুটি স্বর্ণের বারসহ সাদিকুর রহমান সুমন (৩৩) নামের এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২২ জুলাই) সকালে যশোর-নড়াইল মহাসড়কের নীলগঞ্জ সেতু এলাকা থেকে তাকে আটক করা হয়।
বিকেলে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে। আটক সাদিকুর রহমান সাতক্ষীরা সদর উপজেলার নলকুরা লাপসা গ্রামের মিজানুর রহমানের ছেলে।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ আভিযানিক দল নীলগঞ্জ সেতুর ওপর অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন সাদিকুর রহমানকে আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে তার প্যান্টের পকেটে বিশেষভাবে লুকানো অবস্থায় ২২০ দশমিক ৪৯ গ্রাম ওজনের দুটি স্বর্ণের বার পাওয়া যায়। উদ্ধারকৃত স্বর্ণের বর্তমান বাজারমূল্য ৪৬ লাখ ৬৩ হাজার ৩৭০ টাকা। অভিযানে তার কাছ থেকে একটি মুঠোফোনও জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক সাদিকুর স্বীকার করেছেন, তিনি ঢাকা থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে যশোর হয়ে সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, আটক যুবকের বিরুদ্ধে মামলা করে তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও বলেন, সীমান্ত দিয়ে স্বর্ণ পাচার রোধে বিজিবির আভিযানিক তৎপরতা জোরদার করা হয়েছে এবং এই কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন