ভোলার লালমোহনে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (২২ জুলাই) সকালে উপজেলার কালমা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চরলক্ষ্মী এলাকার শিউলি বাড়িতে এ ঘটনা ঘটে। মাত্র ৩০ মিনিটের আগুনে ওই বাড়ির আব্দুল মুনাফ ও তার মৃত ভাই আলী হোসেনের বসতঘর দুটি সম্পূর্ণ ভস্মীভূত হয়।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের কর্মীরা নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে আগুনের তীব্রতা বেশি থাকায় ঘর দুটির ভেতরের কোনো মালামালই রক্ষা করা সম্ভব হয়নি। ক্ষতিগ্রস্তদের দাবি, এই অগ্নিকাণ্ডে তাদের অন্তত ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত আব্দুল মুনাফ শিউলি বলেন, ‘সকালের দিকে ঘর থেকে ধোঁয়া উঠতে দেখে চিৎকার করলে স্থানীয়রা ছুটে আসেন। কিন্তু ৩০ মিনিটের মধ্যেই আমার আর আমার মৃত ভাইয়ের ঘর দুটি ছাই হয়ে গেল। ঘরে থাকা কাপড়-চোপড়, টিভি, ফ্রিজ, আসবাব ও নগদ ৩০ হাজার টাকাসহ সব শেষ হয়ে গেছে। তিন বছর আগে ধারদেনা করে ঘর তুলেছিলাম, এখনো ৬ লাখ টাকা ঋণ আছে। এখন সন্তানদের নিয়ে অন্যের ঘরে আশ্রয় নেওয়া ছাড়া উপায় নেই।’
লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সিফাত বিন সাদেক বলেন, ‘অগ্নিকাণ্ডে ঘর পুড়ে যাওয়ার খবর পেয়েছি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দ্রুত আর্থিক সহায়তা ও টিন দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
আপনার মতামত লিখুন