বরিশালের উজিরপুর পৌরসভায় গ্রামবাসীর নিজস্ব অর্থায়নে নির্মিত একটি বাঁশের সাঁকো ফিতা কেটে উদ্বোধন করে আলোচনায় এসেছেন এক বিএনপি নেতা। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমসহ রাজনৈতিক মহলে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) বিকেলে উজিরপুর পৌরসভার ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের সংযোগস্থলে নির্মিত প্রায় ২০০ ফুট দীর্ঘ এই সাঁকোটি উদ্বোধন করা হয়। বাঁশ ও সুপারি গাছ দিয়ে তৈরি এই সাঁকোটি উদ্বোধন করেন উজিরপুর পৌর বিএনপির সভাপতি শহিদুল খান।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকায় যাতায়াতের সুব্যবস্থা না থাকায় গ্রামবাসী নিজেদের অর্থায়নে এই অস্থায়ী সাঁকোটি নির্মাণ করেন। উদ্বোধন উপলক্ষে সাঁকোটিতে লাল ফিতা ও বেলুন দিয়ে সাজসজ্জা করা হয়। পরে প্রধান অতিথি হিসেবে শহিদুল খান ফিতা কেটে এর উদ্বোধন করেন।
এ ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দলের ভেতরে ও বাইরে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকের মতে, বাঁশ ও সুপারি গাছের একটি অস্থায়ী সাঁকো এভাবে ঘটা করে উদ্বোধন করা রাজনৈতিকভাবে দৃষ্টিকটু। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে একে হাস্যকর বিষয় হিসেবেও মন্তব্য করেছেন।
এ বিষয়ে উজিরপুর পৌর বিএনপির সভাপতি শহিদুল খান বলেন, 'এলাকাবাসী নিজেদের উদ্যোগে সাঁকোটি তৈরি করেছেন। উদ্বোধন উপলক্ষে আমাকে হঠাৎ করে সেখানে ডেকে নেওয়া হয়। তাদের অনুরোধ রাখতে গিয়েই ফিতা কাটতে হয়েছে। তবে ঘটা করে এমন আয়োজনের বিষয়ে আমি আগে থেকে জানতাম না।'
আপনার মতামত লিখুন