গাইবান্ধার পলাশবাড়ীতে বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ না করায় দায়ের করা মামলায় নুরুন্নবী মৃধা (৫৮) নামে এক স্থানীয় বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৭ আগস্ট) রাতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
নুরুন্নবী মৃধা উপজেলার ৬ নম্বর বেতকাপা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এবং ওই ইউনিয়নের হাসনেরপাড়া গ্রামের কছিরউদ্দিন মৃধার ছেলে।
পুলিশ ও মামলার নথি সূত্রে জানা যায়, ১ লাখ ২৪ হাজার ৯৭৭ টাকা বিদ্যুৎ বিল বকেয়া থাকার অভিযোগে নুরুন্নবী মৃধার বিরুদ্ধে একটি সিআর মামলা (নম্বর: ১৫২৯/২০২৩) দায়ের করা হয়েছিল। ওই মামলায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
বকেয়া বিদ্যুৎ বিলের মামলা ছাড়াও তার বিরুদ্ধে জমি দখল ও ক্ষতিসাধনের অভিযোগে ভূমি অপরাধ প্রতিকার ও প্রতিরোধ আইনে আরও একটি মামলা রয়েছে। চলতি মাসের ৩ আগস্ট পলাশবাড়ী থানায় মামলাটি দায়ের করা হয়।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ারে আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালতের পরোয়ানা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে জমি দখলসহ অন্যান্য সুনির্দিষ্ট অভিযোগের তদন্ত চলছে।
গ্রেপ্তার থাকায় এসব অভিযোগের বিষয়ে নুরুন্নবী মৃধার কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। শনিবার (৮ আগস্ট) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হতে পারে বলে জানিয়েছে পুলিশ।
আপনার মতামত লিখুন