জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান গণঅভ্যুত্থানের চেতনার সঙ্গে বেইমানি করেছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
শনিবার (৮ আগস্ট) সকালে ঝিনাইদহের ঐতিহ্যবাহী মুরারীদহ মিয়ার দালান পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
রাশেদ খাঁন বলেন, ‘ডা. শফিকুর রহমানকে এতদিন মজলুম নেতা হিসেবে জানতাম। তবে তিনি যে মুখোশধারী ছিলেন, তা গণঅভ্যুত্থানের পরই স্পষ্ট হয়েছে। ৫ আগস্টের পর নিষিদ্ধ আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা করার ঘোষণা দিয়ে তিনি গণঅভ্যুত্থানের মূল চেতনার সঙ্গে প্রথম বেইমানিটি করেছেন।’
জামায়াতে ইসলামীর সমালোচনা করে তিনি আরও বলেন, ‘ক্ষমতায় আসার জন্য এমন কোনো অন্যায়, অপরাধ, মিথ্যাচার ও মুনাফেকি নেই যা তারা করেনি। নির্বাচনের আগে আমরা দেখেছি জামায়াতে ইসলামী জান্নাতের টিকিট বিক্রি করেছে।’
দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারী বলেন, ‘জনগণ এখন বুঝতে পেরেছে, এ দেশের যা কিছু ইতিবাচক পরিবর্তন তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং পরবর্তীতে বেগম খালেদা জিয়ার হাত ধরে হয়েছে। একইভাবে আগামীর বাংলাদেশের পরিবর্তন হবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে।’
গণঅভ্যুত্থানে ছাত্রনেতা নাহিদ ইসলামের ভূমিকা প্রসঙ্গে রাশেদ খাঁন বলেন, ‘নাহিদ ইসলাম গণঅভ্যুত্থান পর্যন্ত একদম সঠিক পথেই ছিলেন। কিন্তু তিনি যে মুহূর্তে জামায়াতে ইসলামীর ফাঁদে পা দিয়েছেন, ঠিক তখন থেকেই তিনি বিপথগামী হয়েছেন।’
পরিদর্শনকালে ঝিনাইদহ জেলা বিএনপি ও কালীগঞ্জ উপজেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন