বেসরকারি ব্যাংক থেকে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগের যোগ্যতা ও প্রক্রিয়া নিয়ে জাতীয় সংসদে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
একই সঙ্গে ব্যাংক খাতের অনিয়মের জন্য আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে দায়ী করে এটি বিলুপ্ত করার বিষয়ে সরকারের নির্বাচনি প্রতিশ্রুতির বাস্তবায়ন কবে হবে, সেটিও জানতে চেয়েছেন তিনি।
জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বেসরকারি খাত থেকে সরকারি ব্যাংকে নিয়োগ দেওয়া যাবে না, এমন কোনো নিয়ম নেই। প্যানেল তৈরি করে যোগ্যতার ভিত্তিতেই এসব নিয়োগ দেওয়া হচ্ছে। রাজনৈতিক বিবেচনায় ব্যাংকে কোনো নিয়োগ দেওয়া হয়নি, ভবিষ্যতেও হবে না।
সোমবার (১৬ নভেম্বর) স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় সংসদের অধিবেশনে এক সম্পূরক প্রশ্নে এসব কথা ওঠে।
কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ তার প্রশ্নে বলেন, গত বছরের (২০২৫ সাল) জুনে জনতা ব্যাংকের মোট খেলাপি ঋণ ছিল ৭৫ হাজার ৩৯৭ কোটি টাকা। এর মধ্যে বেক্সিমকোর গ্রুপের ২৩ হাজার কোটি, এস আলমের ১০ হাজার ২০০ কোটি, এনএস টেক্সের ৭ হাজার ৮০০ কোটি এবং ক্রিসেন্টের ৩ হাজার ৪০০ কোটি টাকা খেলাপি ঋণ ছিল।
এই সংসদ সদস্য অভিযোগ করেন, মূলত আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নিয়োগ করা ব্যাংকের পরিচালনা পর্ষদ ও এমডিদের সিন্ডিকেটের কারণেই ব্যাংকগুলো খাদের কিনারায় পৌঁছেছে। তিনি স্মরণ করিয়ে দেন, বিএনপি ক্ষমতায় এলে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বিলুপ্ত করে ব্যাংক খাতের নিয়ন্ত্রণ পুরোপুরি বাংলাদেশ ব্যাংকের কাছে ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। সরকার ব্যাংক খাতে হস্তক্ষেপ করবে না বলেও জানানো হয়েছিল।
সম্প্রতি সাউথইস্ট ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব আলমকে জনতা ব্যাংকের এমডি হিসেবে নিয়োগ দেওয়ার প্রসঙ্গ টেনে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘২০২৪ সালের পর সাউথইস্ট ব্যাংকের বিরুদ্ধে ব্যাপক আর্থিক অনিয়মের অভিযোগ আছে। মাঝারি পরিসরের একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তাকে কোন যোগ্যতাবলে জনতা ব্যাংকের মতো সমস্যা জর্জরিত বড় প্রতিষ্ঠানের এমডি হিসেবে নিয়োগ দেওয়া হলো? এই এমডি নিয়োগের যোগ্যতা কী? এটা কি কেবল সরকার জানবে নাকি পাবলিক সার্কুলারের মাধ্যমে হবে?’ একই সঙ্গে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ কবে বিলুপ্ত করা হবে, তা-ও জানতে চান এনসিপির এই সংসদ সদস্য।
হাসনাত আবদুল্লাহর প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘প্রাইভেট সেক্টর থেকে সরকারি ব্যাংকে নিয়োগ দেওয়া যাবে না, এ ধরনের কোনো নিয়ম নেই। এসব নিয়োগ যোগ্যতার ভিত্তিতেই হয়ে থাকে। সংশ্লিষ্ট ব্যক্তি বেসরকারি খাত থেকে এসেছেন, নাকি সরকারি খাত থেকে, সেটি বিবেচনা করা হয় না।’
ব্যাংকের শীর্ষ পদে নিয়োগের প্রক্রিয়া তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, ‘এমডি নিয়োগের জন্য প্যানেল আছে। ইন্টারভিউ ও সিভি দেখে সবচেয়ে যোগ্য ব্যক্তিদের নিয়োগ দেওয়া হচ্ছে। আমরা চাই যোগ্য ও দক্ষ ব্যক্তিরা ব্যাংকগুলোর দায়িত্ব নিক এবং ব্যাংক যে খাদের মধ্যে পড়েছে, সেখান থেকে বেরিয়ে আসতে পারে।’
ব্যাংকগুলোতে কোনো রাজনৈতিক নিয়োগ দেওয়া হচ্ছে না দাবি করে আমির খসরু বলেন, ‘শুধু এমডি নয়, ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদেও যোগ্য ব্যক্তিদের বেছে নেওয়া হচ্ছে। কোনো রাজনৈতিক বিবেচনায় আজ পর্যন্ত কোনো ব্যাংকে বা আর্থিক প্রতিষ্ঠানে কোনো নিয়োগ দেওয়া হয়নি, হবেও না।’
ব্যাংক খাতের পরিস্থিতির উন্নতি হচ্ছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, গ্রাহকদের আস্থা ফিরে আসছে। একসময় অনেকে আশঙ্কা করেছিলেন, ব্যাংক থেকে গ্রাহকেরা ব্যাপকভাবে আমানত তুলে নেবেন। কিন্তু এখন উল্টো ব্যাংকগুলোতে নিট আমানত বাড়ছে। ব্যাংকগুলোর মূলধন পুনর্গঠনের কাজও এগিয়ে চলছে। আগামী দিনে ব্যাংকিং খাত ঘুরে দাঁড়ানোর এই প্রক্রিয়ার ইতিবাচক ফলাফল সবাই দেখতে পাবেন বলেও তিনি আশ্বস্ত করেন।
গত ২৬ অক্টোবর অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে সাউথইস্ট ব্যাংকের অতিরিক্ত এমডি মো. মাহবুব আলমকে তিন বছরের জন্য জনতা ব্যাংকের এমডি হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন