সম্প্রতি পত্র পত্রিকা ও সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত কিছু বিতর্ক দেখে মনে হচ্ছে কমিউনিস্ট আন্দোলনের একটি পুরোনো ব্যাধি এখনো কাটেনি। সেটি হলো মার্ক্সবাদকে একটি জীবন্ত, বিকাশমান ও সমালোচনামূলক চিন্তাপদ্ধতি হিসেবে গ্রহণ না করে কতগুলো অপরিবর্তনীয় মতাদর্শিক বিধানের সমষ্টি হিসেবে বিবেচনা করা। যেন মার্ক্সবাদ একটি ধর্ম, যার পবিত্রতা রক্ষার জন্য নিরন্তর পাহারা দিতে হবে এবং ভিন্নমত প্রকাশ করলেই আদর্শচ্যুতির অভিযোগ তুলতে হবে।
দেশপ্রেম ও জাতীয়তাবাদের মধ্যে পার্থক্য আছে, এ নিয়ে বিতর্কের প্রয়োজন নেই। কিন্তু জাতীয়তাবাদকে একটি একক, অপরিবর্তনীয় মতাদর্শ হিসেবে উপস্থাপন করাই এখানে মৌলিক তাত্ত্বিক সমস্যা। সাম্রাজ্যবাদী জাত্যাভিমান, জাতিগত শ্রেষ্ঠত্ববাদ, ধর্মভিত্তিক জাতীয়তাবাদ এবং ঔপনিবেশিক নিপীড়নের বিরুদ্ধে গড়ে ওঠা জাতীয় মুক্তির চেতনা কি একই রাজনৈতিক চরিত্রের? পাকিস্তানি শাসকগোষ্ঠীর ধর্মভিত্তিক জাতীয়তাবাদের বিরুদ্ধে বাঙালির ভাষাভিত্তিক জাতীয়তাবাদ যে ঐতিহাসিক ভূমিকা পালন করেছিল, তাকে কি ইউরোপীয় সাম্রাজ্যবাদী জাতীয়তাবাদের সঙ্গে একই ছকে বিচার করা যায়?
মার্ক্স, এঙ্গেলস, লেনিন কিংবা মাও কেউই জাতীয় প্রশ্নকে এভাবে বিমূর্ত মতাদর্শিক বিভাজনের মধ্যে আবদ্ধ করেননি। বিশেষত লেনিন নিপীড়ক জাতির জাতীয়তাবাদ ও নিপীড়িত জাতির জাতীয় আন্দোলনের মধ্যে মৌলিক রাজনৈতিক পার্থক্য করেছিলেন। মাও নিজেকে একই সঙ্গে জাতীয়তাবাদী ও আন্তর্জাতিকতাবাদী হিসেবে বর্ণনা করেছিলেন। তাহলে একজন কমিউনিস্ট কোনো অবস্থাতেই জাতীয়তাবাদী ভূমিকায় অবতীর্ণ হতে পারবেন না - এমন সর্বজনীন নিষেধাজ্ঞার তাত্ত্বিক ভিত্তি কোথায়?
আরও বিস্ময়কর হলো, 'জয় বাংলা' স্লোগানকে কমিউনিস্ট আত্মপরিচয় বিসর্জনের সমতুল্য বিবেচনা করা। একটি স্লোগানের রাজনৈতিক তাৎপর্য কি চিরকালের জন্য কোনো একটি দলের মালিকানাধীন হয়ে যায়? 'জয় বাংলা' বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঐতিহাসিক রণধ্বনি। সেটি দলীয়করণ হয়ে গেছে বলেই তার ঐতিহাসিক ও গণতান্ত্রিক তাৎপর্য বিলুপ্ত হয়ে যায় না। কমিউনিস্টদের নিজস্ব শ্রেণিভিত্তিক রাজনীতি থাকবে, কিন্তু তার অর্থ এই নয় যে জাতীয় মুক্তিসংগ্রামের ঐতিহাসিক উত্তরাধিকার থেকে নিজেদের বিচ্ছিন্ন করতে হবে। ‘মুক্তিযুদ্ধের ইতিহাস ও অর্জনকে রক্ষা করা, জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব পাহারা দেওয়া এবং সাম্প্রদায়িকতা ও মুক্তিযুদ্ধ বিরোধী রাজনীতি মোকাবিলার সংগ্রামে ‘জয় বাংলা’ স্লোগান সাময়িক সময়ের জন্য প্রাসঙ্গিক ও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে’ - এ বক্তব্যে একমত হওয়ার পরেও এ নিয়ে বিভাজন সৃষ্টি এবং ফেসবুকে পাল্টাপাল্টি কি গ্রহণযোগ্য?
আবার কয়েক দশক আগের শ্রেণী বিন্যাস, রাজনৈতিক শ্লোগান ও রণনীতি দিয়ে বর্তমান বাস্তবতাকে কতখানি ব্যাখ্যা করা সম্ভব, তার নির্মোহ পর্যালোচনাও প্রয়োজন। শ্রেণী সংগ্রামকে তো কেউই অপ্রাসঙ্গিক বলছে না। বলা হচ্ছে তার সামাজিক ভিত্তি, সাংগঠনিক ক্ষেত্র ও রাজনৈতিক প্রকাশ পরিবর্তিত হয়েছে। ২০২৪ সালের জুলাই-আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এনেছে। কোনো শাসনের পতন এবং সমাজের মৌলিক কাঠামোর রূপান্তর এক বিষয় নয়। সাময়িক গনঐক্য স্বয়ংক্রিয়ভাবে দীর্ঘস্থায়ী রাজনৈতিক বিকল্প যে সৃষ্টি করে না তাতো আমরা দেখতে পেলাম।
এ পরিস্থিতিতে বাংলাদেশের বামপন্থীদের সামনে আজ অন্যতম প্রধান চ্যালেন্জ হলো পরিবর্তিত সমাজকে নতুনভাবে বোঝা। মার্কসবাদের বিশ্বজনীন তাত্ত্বিক অন্তর্দৃষ্টিকে আমাদের সমাজের নিজস্ব ইতিহাস, শ্রেণী সম্পর্ক ও রাজনৈতিক বাস্তবতার আলোকে সৃজনশীলতার সাথে বিকশিত করার যোগ্যতা অর্জন করা। কিন্তু উদ্বেগজনক বিষয় হলো, তাত্ত্বিক বিতর্ককে ষড়যন্ত্র, বিভ্রান্তি সৃষ্টি কিংবা মার্ক্সবাদের প্রতি আস্থাহীনতার অভিযোগ হিসাবে রূপান্তর করা হচ্ছে। মার্কসবাদ কোনো সর্বজনীন প্রস্তুত প্রণালী নয়, যা নির্বিচারে সর্বত্র প্রয়োগ করা যাবে। মার্ক্সবাদে মতাদর্শিক সংগ্রাম যেমন আছে, তেমনি প্রশ্ন তোলা, সমালোচনা করা কিংবা প্রচলিত ব্যাখ্যার পুনর্মূল্যায়ন করা কোনো অপরাধ নয়। বরং এসবের মধ্য দিয়েই মার্ক্সবাদ বিকশিত হয়েছে।
'পার্টির একশিলা ঐক্য' মানে অবিভাজ্য সংহতি। তা না বুঝিয়ে যদি পার্টির মধ্যে কোনো ভিন্নমতের অস্তিত্ব বা স্থান নেই বুঝানো হয়; আর সে ঐক্য যদি চিন্তার স্বাধীনতা, তাত্ত্বিক বিতর্ক ও আত্মসমালোচনার সুযোগ সংকুচিত করে, তাহলে তা মতাদর্শিক অনুশাসনে পরিণত হয়। কমিউনিস্ট পার্টি ও বামপন্থীরা কোনো ধর্মীয় সম্প্রদায় নয়, মার্ক্সবাদও কোনো ধর্মগ্রন্থ নয়। মার্ক্সবাদকে বিজ্ঞান হিসেবে দাবি করলে তাকে প্রশ্ন, সমালোচনা, নতুন বাস্তবতা ও নতুন জ্ঞানের মুখোমুখি দাঁড় করানোর সাহসও থাকতে হবে।
নেতৃত্ব যদি নিজের মতাদর্শের অনুসারীদের প্রশ্নকেই ভয় পায়, তবে সংকট কারো ফাঁদা ষড়যন্ত্রে নয়, নিজেদের চিন্তার স্থবিরতায়। বাংলাদেশের কমিউনিস্ট আন্দোলনের আজ সবচেয়ে বড় প্রয়োজন মতাদর্শিক শুদ্ধতার প্রহরী নয়, স্বাধীন চিন্তাশীল মার্ক্সবাদী নেতৃত্ব যারা ইতিহাস থেকে শিখবেন, নিজেদের ভুল স্বীকার করার মাধ্যমে অনুসারীদেরও আত্মসমালোচনায় অভ্যস্থ করে তুলবেন এবং পরিবর্তিত বাস্তবতায় নতুন রাজনৈতিক পথ অনুসন্ধান করবেন।
(লেখকের নিজস্ব মত)
[লেখক: ছাত্র ইউনিয়নের প্রাক্তনী, কানাডা প্রবাসী]

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন