সংবাদ

নাসিরনগরে জমি নিয়ে বিরোধে সংঘর্ষে নিহত ১

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জমিজমা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দেশীয় অস্ত্রের আঘাতে নাজিব উল্লাহ (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। সংঘর্ষে নারীসহ আহত হয়েছেন অন্তত ৪০ জন।শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বুড়িশ্বর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত নাজিব উল্লাহ ওই গ্রামের আওয়াল মিয়ার ছেলে।স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, বুড়িশ্বর গ্রামের কালন মিয়ার সঙ্গে একই গ্রামের দ্বীন ইসলামের জমিজমা নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে আদালতে মামলাও আছে। এর জেরে শুক্রবার দুপুরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দেড় ঘণ্টা ধরে চলা এই রণক্ষেত্রে গ্রামটি থমথমে হয়ে ওঠে। খবর পেয়ে নাসিরনগর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হন। তাদের উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাজিব উল্লাহকে মৃত ঘোষণা করেন।আহতদের মধ্যে গুরুতর অবস্থায় আক্কাছ মিয়া (৩৫), রেদোয়ান মিয়া (৩৫), খালেদ মিয়া (৩৮), আব্দুল আওয়াল (৬০), কালন মিয়া (৬০), মোশাররফ মিয়া (৫০), রইছ মিয়া (৫৫), লাদেন মিয়া (২৫), ইমন মিয়া (১৫) ও আনিছ মিয়াকে (৬০) উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) কৃষ্ণ লাল ঘোষ বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে একজন মারা গেছেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নাসিরনগরে জমি নিয়ে বিরোধে সংঘর্ষে নিহত ১