পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহার এবং তাকে স্বপদে পুনর্বহালের দাবিতে রাঙামাটি শহরে তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।সোমবার বিকেলে তারা শহরের গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করার পাশাপাশি একটি বড় ধরনের প্রতিবাদ সমাবেশ করেন। বিকেল ৫টার দিকে কাঁঠালতলী এলাকায় অবস্থিত দলীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীরা জড়ো হয়ে সড়ক অবরোধ করেন।এ সময় পুরো এলাকা "দীপেন দেওয়ানের পদত্যাগ মানি না" এবং "ষড়যন্ত্রমূলক পদত্যাগ বাতিল কর" এমন সব স্লোগানে মুখর হয়ে ওঠে। নেতাকর্মীদের আকস্মিক এই অবরোধের কারণে শহরের প্রধান সড়কে সব ধরনের যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।প্রতিবাদ সমাবেশে ক্ষোভ প্রকাশ করে জেলা বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম ভুট্টো বলেন, "দীপেন দেওয়ানের পদত্যাগ শুধু ব্যক্তির নয়, এটি পাহাড়ের রাজনীতি, পাহাড়ি-বাঙালি সকল সম্প্রদায়ের ঐক্যের জন্য হুমকি। বিএনপির ৩১ দফা ও ১৯ দফা বাস্তবায়নেও এটি বাধা হবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর কাছে দাবি, অবিলম্বে তাকে পার্বত্য মন্ত্রণালয়ে ফিরিয়ে আনা হোক।" দীপেন দেওয়ানের অসুস্থতার খবর নাকচ করে দিয়ে এবং দলের ভেতরের একটি অংশের দিকে ইঙ্গিত করে সাইফুল ইসলাম ভুট্টো অভিযোগ করে আরও বলেন, "দীপেন দেওয়ান শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ। দীর্ঘদিন প্রত্যন্ত এলাকায় তার সঙ্গে কাজ করেছি, কখনো তাকে অসুস্থ দেখিনি। দলের কয়েকজন নেতা প্রধানমন্ত্রীকে ভুল তথ্য দিয়ে পার্বত্য অঞ্চলে অস্থিরতা তৈরি করতে চাইছে।"এই অবরোধ ও বিক্ষোভ কর্মসূচির কারণে শেষ খবর পাওয়া পর্যন্ত শহরের ওই এলাকায় যানবাহন চলাচল বন্ধ ছিলো।