সংবাদ

ফরিদপুরে গভীর রাতে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

ফরিদপুর শহরে গভীর রাতে মশাল মিছিল করেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের একাংশের নেতা-কর্মীরা। সোমবার (৩১ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শহরের ১৭ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীপুর এলাকায় এই মিছিল বের করা হয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে মিছিলের ভিডিও ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।জানা যায়, ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ তামজিদুল রশিদ চৌধুরীর ফেসবুক আইডি থেকে ১ মিনিট ১৪ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করা হয়। ভিডিওতে দেখা যায়, রাতের অন্ধকারে রিয়ানের নেতৃত্বে একদল নেতাকর্মী মশাল জ্বালিয়ে মিছিল করছেন। সরকারের নিষেধাজ্ঞার পর এই প্রথম শহরটিতে সংগঠনটির কোনো প্রকাশ্য তৎপরতা দেখা গেল।মঙ্গলবার এ বিষয়ে জানতে চাইলে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান বলেন, মশাল মিছিলের খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলকারীরা দ্রুত স্থান ত্যাগ করায় কাউকে আটক করা সম্ভব হয়নি।ওসি আরও জানান, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বোচ্চ সজাগ অবস্থানে রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজ দেখে মিছিলকারীদের পরিচয় শনাক্ত করার কাজ শুরু হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ফরিদপুরে গভীর রাতে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল