কিশোরগঞ্জের কুলিয়ারচরে তিনশ বছরের পুরোনো ‘আলগীরচর’ গ্রামের নাম পরিবর্তনের চেষ্টার অভিযোগে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ ঘটনার প্রতিবাদে শুক্রবার (১৫ মে) সকালে কয়েকশ নারী-পুরুষ মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, স্থানীয় সংসদ সদস্য ও প্রতিমন্ত্রীর প্রভাব খাটিয়ে একটি পক্ষ এই কাজ করছে।শুক্রবার সকালে গোবরিয়া আবদুল্লাহপুর ইউনিয়নের আলগীরচর জিরো পয়েন্টে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন স্কুলশিক্ষক ফখরুল হাসান, সাবেক ইউপি সদস্য মো. জাহাঙ্গীর, আবদুল হাসিম, কামাল হোসেন, যুবদল নেতা মোহাম্মদ আলী ও আইরিন আক্তার প্রমুখ।মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, কয়েকশ বছরের পুরোনো এই গ্রামের ঐতিহ্য ধ্বংস করতে একটি পরিবার তাদের দোকানের সাইনবোর্ডে গ্রামের নাম ‘আলগীরচর’ না লিখে ‘দশকাহনিয়া চৌধুরী বাড়ি মোড়’ লিখে প্রচার চালাচ্ছে। গ্রামবাসী এতে আপত্তি জানালেও তারা তা আমলে নিচ্ছেন না। ঐতিহ্যের স্বার্থে পুরো গ্রামবাসী এই নাম পরিবর্তনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ বলে তারা জানান।শিক্ষক ফখরুল হাসান বলেন, ‘মাননীয় সংসদ সদস্য ও প্রতিমন্ত্রীর নাম ভাঙিয়ে একটি পক্ষ বিভ্রান্তি ছড়াচ্ছে। আমরা আমাদের গ্রামের আদি নাম ও পরিচয় ধরে রাখতে চাই।’খবর পেয়ে কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইয়াছিন খন্দকার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ ঘটনাস্থল পরিদর্শন করেন। ইউএনও বলেন, ‘গ্রামের নাম পরিবর্তন করার এখতিয়ার কারও নেই। বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা কমিটির সভায় আলোচনা হয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যানকে গ্রাম আদালতের মাধ্যমে বিষয়টি সমাধান করতে বলা হয়েছে।’ বর্তমানে পরিস্থিতি শান্ত রাখতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।