কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার লক্ষ্মীপুর ভাটিপাড়া এলাকার একমাত্র সরকারি রাস্তাটি দীর্ঘ দিন ধরে সংস্কারহীন অবস্থায় পড়ে আছে। এক হাজার ফুট দৈর্ঘ্যের এই রাস্তা এবং এর ওপরের জরাজীর্ণ সেতুটি এখন চলাচলের প্রায় অনুপযোগী। এতে কিশোরগঞ্জ ও নরসিংদী-এই দুই জেলার কয়েক হাজার মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গোবরিয়া আব্দুল্লাহ ইউনিয়নের লক্ষ্মীপুর ভাটিপাড়া থেকে ব্রহ্মপুত্র নদের তমুর উদ্দীন গুদারা ঘাট পর্যন্ত রাস্তাটি সরকারি রেকর্ডভুক্ত। একসময় এই পথে ব্রহ্মপুত্র নদ পার হয়ে পার্শ্ববর্তী নরসিংদী জেলার বেলাব উপজেলার সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল। তবে নদ শুকিয়ে নৌকা চলাচল বন্ধ হয়ে যাওয়ায় এবং নদের ওপর কোনো সেতু না থাকায় এখন দুই তীরের যোগাযোগ বিচ্ছিন্ন। ১৬ ফুট প্রস্থের রাস্তাটি সংস্কারের অভাবে এখন খানাখন্দে ভরা। এছাড়া রাস্তার ওপরের পুরনো ব্রিজটি অত্যন্ত সরু হওয়ায় কোনো যানবাহন চলাচল করতে পারছে না।
কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও স্থানীয় প্রবীণ ব্যক্তিত্ব অ্যাডভোকেট মশিউর রহমান বলেন, ‘রাস্তাটি দ্রুত সংস্কার করে পাকাকরণ এবং একটি নতুন সেতু নির্মাণ করা হলে এই এলাকার অর্থনীতি বদলে যাবে। এখানে নতুন নতুন শিল্পপ্রতিষ্ঠান ও খামার গড়ে ওঠার সুযোগ তৈরি হবে।’
দক্ষিণ লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নূর মোহাম্মদ বলেন, ‘একটি সেতুর অভাবে দুই জেলার ১০ হাজার মানুষের যোগাযোগ বন্ধ হয়ে আছে। একটি স্থায়ী সেতু নির্মিত হলে এ অঞ্চলের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে।’
যোগাযোগ ব্যবস্থার এই দুরবস্থা নিরসনে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ এলাকাবাসী কিশোরগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলমের দৃষ্টি আকর্ষণ করেছেন।
তাদের দাবি, জনস্বার্থ বিবেচনা করে দ্রুত রাস্তাটি পাকাকরণ ও ব্রহ্মপুত্র নদের ওপর সেতু নির্মাণের কার্যকর পদক্ষেপ নেওয়া হোক।
আপনার মতামত লিখুন