সংবাদ

মাদারীপুরে বোমা তৈরির সময় বিস্ফোরণ, আহত ৬

মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন বলে জানা গেছে। বিস্ফোরণের তীব্রতায় ওই বাড়ির টিনের চালের একাংশ উড়ে গেছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) গভীর রাতে ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মোল্লাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইতালি প্রবাসী রাজ্জাক মোল্লার পরিত্যক্ত বাড়িতে একদল লোক গোপনে বোমা তৈরি করছিল। এ সময় হঠাৎ বিকট শব্দে একটি বোমার বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর আহতরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে বিভিন্ন হাসপাতালে আত্মগোপনে চিকিৎসা নিচ্ছেন। আহতদের মধ্যে সিদ্দিক, আহাদ গাজী, নয়ন গাজী ও রাব্বী আকন নামের চারজনের পরিচয় পাওয়া গেছে।ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে সালাউদ্দিন গাজী (৩৫) নামে একজনকে আটক করেছে। তিনি একই এলাকার মফিজ গাজীর ছেলে। স্থানীয়দের অভিযোগ, আধিপত্য বিস্তার ও অভ্যন্তরীণ বিরোধের জেরে বাইরে থেকে কারিগর এনে এই বোমা তৈরি করা হচ্ছিল। অভিযুক্ত রাজ্জাক মোল্লা এলাকায় না থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। বিস্ফোরণের পর যারা পালিয়েছে, তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মাদারীপুরে বোমা তৈরির সময় বিস্ফোরণ, আহত ৬