মানিকগঞ্জের শিবালয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহন’ নামে একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশের খালে পড়ে দেলোয়ার হোসেন (৫০) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। রোববার (১৯ জুলাই) সকাল ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত দেলোয়ার হোসেন মানিকগঞ্জের ঘিওর উপজেলার ফুলহারা গ্রামের বাসিন্দা ছিলেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা মেট্রো-ব-১৪-৮৮৪৩ নম্বরের সেলফি পরিবহনের বাসটি প্রায় ৫০-৬০ জন যাত্রী নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বাসটির ব্রেক বিকল হয়ে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশের দুটি সেতুর মাঝখানের খালে পড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই দেলোয়ার হোসেন মারা যান। আহতদের উদ্ধার করে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মুন্নু মেডিকেল কলেজ হাসপাতাল ও মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।খবর পেয়ে শিবালয় থানা পুলিশ, বরংগাইল হাইওয়ে পুলিশ ও শিবালয় ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করে। দুর্ঘটনার পর থেকে বাসের চালক ও সহকারী পলাতক রয়েছেন।শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়েছে এবং বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। বাসের চালক ও সহকারীকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।