সংবাদ

সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নারী শ্রমিক নিহত

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির ট্রাকের ধাক্কায় এক নারী পোশাককর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুই শ্রমিক। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করলে কাঁচপুর থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত প্রায় ১৪ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মদনপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ও আহত শ্রমিকদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহত দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মদনপুর এলাকার জাহিন টেক্সটাইলের শ্রমিকেরা কারখানা ছুটি শেষে বাড়ি ফিরছিলেন। মহাসড়কের ঢাকামুখী লেন থেকে চট্টগ্রামমুখী লেনে পার হওয়ার সময় একটি দ্রুতগতির ট্রাক তিন শ্রমিককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এক নারী শ্রমিক নিহত হন।দুর্ঘটনার পর সহকর্মীরা ঘাতক ট্রাকটি আটক করেন এবং মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে কয়েক হাজার যাত্রী চরম ভোগান্তিতে পড়েন। অনেক যাত্রীকে বিকল্প পথে বা অটোরিকশায় উল্টো পথে যাতায়াত করতে দেখা যায়।শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিন ও কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম জানান, পুলিশ মহাসড়কে অবস্থান করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়।বন্দর থানার ওসি মোহাম্মদ জামাল উদ্দিন বলেন, ‘শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ট্রাকচালককে আটক করা হয়েছে এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’

সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নারী শ্রমিক নিহত