সংবাদ

নরসিংদীতে কাজ শেষে ফেরার পথে কিশোরী শ্রমিককে ‘দলবদ্ধ ধর্ষণ’

নরসিংদীর মাধবদীতে কাজ শেষে বাড়ি ফেরার পথে কিশোরী টেক্সটাইল শ্রমিক (১৬) দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় মাহবুব নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। পলাতক রয়েছেন মোশাররফ মিয়া নামে অপর এক যুবক।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার রাতে মেহেরপাড়া ইউনিয়নের চৈতাব এলাকায় একটি টেক্সটাইল মিলের কাজ শেষে বাড়ি ফিরছিলেন ওই কিশোরী। পথে ড্রিম হলিডে পার্কের সামনে মোশাররফ মিয়া নামের এক যুবক কথা বলার ছলে তাকে ফুসলিয়ে পৌলানপুর গোডাউন এলাকার মাহবুবের টিনশেড বাড়ির দোতলায় নিয়ে যান। সেখানে মোশাররফ ও মাহবুব তার ইচ্ছার বিরুদ্ধে তাকে পালাক্রমে ধর্ষণ করেন।ভুক্তভোগীর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে মোশাররফ পালিয়ে যান। তবে মাহবুবকে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করেন স্থানীয় জনতা। ভুক্তভোগী কিশোরীর বাবা পেশায় একজন সবজি বিক্রেতা। তিনি বাদী হয়ে বৃহস্পতিবার (৪ জুন) মাধবদী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন।মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, ধর্ষণের ঘটনায় মামলা হওয়ার পর পুলিশ অভিযুক্ত মাহবুবকে গ্রেপ্তার দেখিয়েছে। অন্য অভিযুক্ত মোশাররফকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নরসিংদীতে কাজ শেষে ফেরার পথে কিশোরী শ্রমিককে ‘দলবদ্ধ ধর্ষণ’