নওগাঁর সাপাহার উপজেলার একটি গ্রামীণ সড়কের পাশে ফেলে রাখা বিপুল পরিমাণ পশুর চামড়া অবশেষে মাটিচাপা দেওয়া হয়েছে। গণমাধ্যমে খবর প্রকাশের পর উপজেলা প্রশাসনের নির্দেশনায় দ্রুত এই ব্যবস্থা নেয় স্থানীয় ইউনিয়ন পরিষদ। গতকাল শুক্রবার পচন ধরা চামড়াগুলোতে ব্লিচিং পাউডার ছিটিয়ে মাটিচাপা দেওয়ায় দুর্গন্ধ থেকে মুক্তি পেয়েছেন এলাকাবাসী ও পথচারীরা।স্থানীয় সূত্রে জানা যায়, কোরবানির ঈদের পর উপজেলার সদর ইউনিয়নের পিছলীডাঙ্গা-সাহাবাজপুর গ্রামীণ পাকা সড়কের পাশে প্রায় এক ট্রাক পরিমাণ গরু, ছাগল ও ভেড়ার চামড়া ফেলে রাখা হয়েছিল। কয়েক দিন ধরে পড়ে থাকায় চামড়াগুলোতে পচন ধরে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। এতে ওই পথে চলাচলকারী সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন এবং পরিবেশ দূষণের ঝুঁকি তৈরি হয়। গত বুধবার এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।সংবাদটি উপজেলা প্রশাসনের নজরে এলে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়। এরই পরিপ্রেক্ষিতে গতকাল সাপাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নেতৃত্বে সংশ্লিষ্ট ব্যক্তিরা ঘটনাস্থলে যান। তারা চামড়াগুলোতে পর্যাপ্ত ব্লিচিং পাউডার ছিটিয়ে তা মাটিচাপা দেওয়ার ব্যবস্থা করেন।দীর্ঘদিন ভোগান্তির পর চামড়াগুলো অপসারণ ও মাটিচাপা দেওয়ায় জনমনে স্বস্তি ফিরে এসেছে। দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য স্থানীয় বাসিন্দারা উপজেলা প্রশাসন, ইউনিয়ন পরিষদ ও গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন।সাপাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদেকুল ইসলাম বলেন, ‘উপজেলা প্রশাসনের নির্দেশ পাওয়া মাত্রই আমরা জনস্বার্থে চামড়াগুলো সরিয়ে মাটিচাপা দিয়েছি। পরিবেশ রক্ষায় এ ধরনের পদক্ষেপে ইউনিয়ন পরিষদ সব সময় তৎপর থাকবে।’উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জনস্বাস্থ্য ও পরিবেশ বজায় রাখতে যত্রতত্র বর্জ্য বা চামড়া না ফেলে নির্দিষ্ট স্থানে ব্যবস্থাপনার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।