সংবাদ

শেরপুরে আদিবাসী পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত

‘আদিবাসী’ হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, পৃথক ভূমি মন্ত্রণালয় ও স্বাধীন কমিশন গঠনের দাবিতে বগুড়ার শেরপুরে জাতীয় আদিবাসী পরিষদের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় শেরপুর উপজেলার একটি রেস্তোরাঁয় আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে দিবসটি পালন করে সংগঠনটির বগুড়া জেলা কমিটি।জাতীয় আদিবাসী পরিষদ বগুড়া জেলা কমিটির সভাপতি সন্তোষ সিং (বাবু)-এর সভাপতিত্বে এবং শেরপুর উপজেলা কমিটির সদস্যসচিব হীরা লাল সিংয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা কমিটির সহসভাপতি যোগেশ সিং, সাধারণ সম্পাদক স্বপন কুমার, সাংস্কৃতিক সম্পাদক কমল সিং, শেরপুর উপজেলা কমিটির আহ্বায়ক স্বপন সিং, নন্দীগ্রাম উপজেলা কমিটির সভাপতি গৌতম মাহাতো, সারিয়াকান্দি উপজেলা কমিটির সভাপতি রণজিৎ মালো, ধুনট উপজেলা কমিটির সাধারণ সম্পাদক পলাশ বাগদী, ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ কমিটির নেতা লিটন হক এবং শেরপুর উপজেলা কমিটির উপদেষ্টা রাশেদুল ইসলাম।আলোচনা সভায় বক্তারা বলেন, সমতলের আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, ভূমি ও সাংবিধানিক স্বীকৃতি দীর্ঘদিন ধরে অবহেলিত। সংগঠনের কার্যক্রম চালাতে সরকারি কোনো উল্লেখযোগ্য অনুদান না পাওয়ায় তারা প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন। আলোচনা শেষে বর্ণাঢ্য আয়োজনে সংগঠনের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন নেতা-কর্মীরা।

শেরপুরে আদিবাসী পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত