নওগাঁর মহাদেবপুরে একটি পুরোনো পুকুর সংস্কারের সময় বিরল পাথরের রাধাগোবিন্দ মূর্তি উদ্ধার করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলার সফাপুর ইউনিয়নের বিনোদপুর উত্তরপাড়া এলাকা থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।সফাপুর ইউপি চেয়ারম্যান সামসুল আলম বাচ্চু বলেন, গ্রামের ব্যবসায়ী শহিদুল ইসলাম তার একটি পুরোনো পুকুর ভেকু মেশিন দিয়ে সংস্কার করছিলেন। মাটি কাটার একপর্যায়ে যন্ত্রের হাতলের সঙ্গে মূর্তিটি উঠে আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, উদ্ধার করা মূর্তিটির ওজন ৭ কেজি ৭০০ গ্রাম। এটি দেখতে কষ্টিপাথরের মতো এবং নতুন রঙ করা। তবে এটি আসলে কষ্টিপাথর কি না, তা পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে। তিনি আরও জানান, ঝামেলা এড়াতে হয়তো কেউ এটি আগে পুকুরে ফেলে দিয়েছিল।নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, উদ্ধার হওয়া মূর্তিটির বিশেষ প্রত্নতাত্ত্বিক মূল্য রয়েছে। আদালতের আদেশের মাধ্যমে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতায় কোনো জাদুঘরে এটি হস্তান্তর করা হবে।