সংবাদ

পোরশায় ১ হাজার পিস ট্যাপেন্ডাডলসহ যুবক গ্রেপ্তার

নওগাঁর পোরশায় এক হাজার পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ শামীম চৌধুরী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৮ এপ্রিল) দিবাগত রাত আটটার দিকে উপজেলার সারাইগাছী-সাপাহার আঞ্চলিক মহাসড়কের বালিয়াচান্দা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার শামীম চৌধুরী পার্শ্ববর্তী সাপাহার উপজেলার চন্দুরা বাবুপুর গ্রামের মৃত দুলাল চৌধুরীর ছেলে। অভিযানের সময় মাদক বহনে ব্যবহৃত তার মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।পুলিশ জানায়, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমানের নেতৃত্বে বালিয়াচান্দা এলাকায় অবস্থান নেয় পুলিশের একটি দল।এ সময় শামীম চৌধুরী মোটরসাইকেল নিয়ে ওই এলাকা অতিক্রম করার সময় পুলিশ তাকে থামিয়ে তল্লাশি করে। তল্লাশিকালে তার কাছে থাকা একটি শপিং ব্যাগ থেকে এক হাজার পিস নিষিদ্ধ ট্যাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব মাদকের আনুমানিক বাজারমূল্য তিন লাখ টাকা।পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে রোববার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পোরশায় ১ হাজার পিস ট্যাপেন্ডাডলসহ যুবক গ্রেপ্তার