সংবাদ

রাণীনগরে আন্তজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৫ গরু উদ্ধার

নওগাঁর রাণীনগরে গরু চুরির ঘটনায় অভিযান চালিয়ে আন্তজেলা চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে পাঁচটি চোরাই গরু উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে বগুড়া ও নাটোর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন- বগুড়ার আদমদীঘি উপজেলার মো. গোলাম রব্বানী ওরফে রব্বানী পাখিটার (৩৯), নাটোরের সিংড়া উপজেলার শ্রী সুজিত ওরফে অজিত চন্দ্র হালদার (৪০) ও শ্রী সুচন্দন রাজবংশী ওরফে সজল (২৭)।রাণীনগর থানা-পুলিশ জানায়, সম্প্রতি উপজেলার গোনা গ্রাম থেকে একটি পরিবারের তিনটি গরু চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে থানায় মামলা করেন। মামলাটি তদন্তের সূত্র ধরে ডিবি পুলিশের সহযোগিতায় মঙ্গলবার রাতে প্রথমে রব্বানীকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যে সিংড়া এলাকায় অভিযান চালিয়ে সুজিত ও সুচন্দনকে গ্রেপ্তার করা হয়। এ সময় সুজিতের বাড়ি থেকেই পাঁচটি চোরাই গরু উদ্ধার করে পুলিশ।রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া মন্ডল বলেন, উদ্ধার করা গরুর মালিকদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। গরুগুলো কার এবং কোথাকার, তা শনাক্তের চেষ্টা চলছে। গ্রেপ্তার তিনজনকে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রাণীনগরে আন্তজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৫ গরু উদ্ধার