নওগাঁর রাণীনগর উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যায় উপজেলার আবাদপুকুর ও পাকুরিয়া বাজারে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।
আদালত পরিচালনা করেন রাণীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিলা ইয়াসমিন।
আদালত সূত্রে জানা গেছে, সারের বাজারে অস্থিরতা রোধ ও কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যায় আবাদপুকুর ও পাকুরিয়া বাজারে ঝটিকা অভিযান চালানো হয়। এ সময় অতিরিক্ত দামে সার বিক্রির প্রমাণ পাওয়ায় আবাদপুকুর বাজারের ডিলার শহিদুল ইসলাম ফটিককে ১২ হাজার টাকা এবং সুধীর ট্রেডার্স নামের অন্য একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন বলেন, কৃষকদের স্বার্থ রক্ষায় সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রি নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে। কোনো ব্যবসায়ী কৃষকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় কৃষকেরা। তারা আশা প্রকাশ করেন, নিয়মিত তদারকি থাকলে অসাধু ব্যবসায়ীরা সারের দাম বাড়ানোর সাহস পাবেন না।
আপনার মতামত লিখুন