কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় বিদ্যালয়ের শৌচাগারে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক সহকারী শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার দক্ষিণ রামখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষকের নাম আব্দুল মোতালেব। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) আদালতের নির্দেশে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল টিফিনের সময় ওই ছাত্রী বিদ্যালয়ের শৌচাগারে গেলে সহকারী শিক্ষক আব্দুল মোতালেব তাকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালান। ধস্তাধস্তির একপর্যায়ে ওই ছাত্রী দৌড়ে বের হয়ে আসে এবং বিষয়টি বিদ্যালয়ের এক নারী শিক্ষককে জানায়। জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়।অভিযোগ উঠেছে, বিষয়টি ধামাচাপা দিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর ইসলাম মিয়া ও স্থানীয় এক প্রভাবশালী নেতা গভীর রাত পর্যন্ত দেনদরবার করেন। এ সময় তথ্য সংগ্রহে বাধা দেওয়া হয় সংবাদকর্মীদেরও।খবর পেয়ে নাগেশ্বরী থানা-পুলিশ গতকাল মধ্যরাতে অভিযুক্ত শিক্ষক আব্দুল মোতালেবকে গ্রেপ্তার করে এবং ভুক্তভোগী ছাত্রীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। আজ দুপুরে ছাত্রীর বাবা বাদী হয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে মামলা করেন।নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামূল হক প্রধান বলেন, গ্রেপ্তার শিক্ষককে আজ বিকেলে কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। আদালতের বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। ভুক্তভোগী ছাত্রীকে তার পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।