সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নে একটি মৎস্যঘেরে ডাকাতির সময় এক চাষিকে কুপিয়ে জখম করা হয়েছে। রোববার দিবাগত শেষ রাতে পারুলিয়ার ঘূরণচন্ডি এলাকায় এই ঘটনা ঘটে।
আহত চাষির নাম ইয়াদিন আলী মোল্লা (৫০)। তিনি দক্ষিণ পারুলিয়া গ্রামের মৃত শামসুদ্দিন মোল্লার ছেলে। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগী পরিবার।
হাসপাতালে চিকিৎসাধীন ইয়াদিন আলী মোল্লা জানান, প্রতিদিনের মতো তিনি রাতে নিজের ঘের পাহারায় ছিলেন। ভোররাত চারটার দিকে একদল সংঘবদ্ধ ডাকাত ঘেরে নেমে মাছ লুট করতে থাকে। তিনি বাধা দিতে গেলে ডাকাতরা তাঁর ওপর হামলা চালায়। ইয়াদিন বলেন, “ডাকাতদলের মধ্যে পারুলিয়া পলগাদা এলাকার মোহাম্মাদ নামের একজনকে আমি চিনে ফেলি। চিনে ফেলায় সে আমাকে লক্ষ্য করে ধারালো দা দিয়ে কোপ মারে।” তাঁর চিৎকারে আশপাশের ঘেরের লোকজন ছুটে এলে ডাকাতরা পালিয়ে যায়।
স্থানীয় মৎস্যচাষি খায়রুল ইসলাম ও মাসুদ রানা অভিযোগ করেন, গভীর রাত হলে দেশীয় অস্ত্র নিয়ে একদল দুর্বৃত্ত ঘেরে ঢুকে জোরপূর্বক মাছ লুট করে নিয়ে যায়। ডাকাতদের হাতে অস্ত্র থাকায় চাষিরা অসহায় বোধ করেন। এভাবে দিনের পর দিন তাঁরা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। মৎস্যঘেরে ডাকাতি ও সন্ত্রাস রুখতে তাঁরা প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি করেছেন।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলিম বলেন, “ঘটনাটি নিয়ে আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অপরাধীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
আপনার মতামত লিখুন