নরসিংদীর মনোহরদীতে পুকুরে গোসল করতে নেমে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৪ জুলাই) দুপুরে উপজেলার খিদিরপুর ইউনিয়নের চর আহমদপুর গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মৃত শিশুরা হলো চর আহমদপুর গ্রামের সাইফুল ইসলামের মেয়ে ফাতেমা (৮), তুহিন মিয়ার মেয়ে আয়েশা ওরফে আশামনি (১২) এবং ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মুফাচ্ছেরের মেয়ে সুমাইয়া (১৩)। তারা তিনজনই স্থানীয় একটি কওমি মাদ্রাসার শিক্ষার্থী ছিল।
পারিবারিক সূত্রে জানা যায়, ফাতেমা ও আশামনি চর আহমদপুর গ্রামের খোরশেদ মিয়ার নাতনি। আর সুমাইয়া খোরশেদ মিয়ার ছোট ভাইয়ের মেয়ে। আজ দুপুরে তারা বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে। দীর্ঘ সময় পার হওয়ার পরও বাড়িতে না ফেরায় এক ছোট শিশু বিষয়টি পরিবারকে জানায়। পরে স্থানীয় লোকজন পুকুরে নেমে তল্লাশি চালিয়ে তিনজনকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। হাসপাতালে নেওয়ার আগেই তাদের মৃত্যু হয়।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি অত্যন্ত মর্মান্তিক ও বেদনাদায়ক। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আপনার মতামত লিখুন