চট্টগ্রামের রাউজানে পানি চলাচলের নালায় পড়ে মো. মোস্তাকিম নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৮ জুলাই) বিকেলে উপজেলার ডাবুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এই দুর্ঘটনা ঘটে।
মৃত মোস্তাকিম ওই এলাকার মো. পারভেজ হোসেনের বড় ছেলে।
স্থানীয় বাসিন্দা ও পরিবার সূত্রে জানা যায়, বিকেলে মোস্তাকিমের দাদা আনোয়ার হোসেন বাড়ি থেকে দোকানের উদ্দেশে বের হন। পরিবারের সদস্যদের অগোচরে মোস্তাকিমও তার দাদার পিছু পিছু যায়। একপর্যায়ে সড়কের পাশে থাকা নালায় পড়ে যায় শিশুটি। নালায় তীব্র স্রোত থাকায় সে কিছুটা ভেসে যায়। পরে এক সিএনজিচালিত অটোরিকশাচালক বিষয়টি দেখতে পেয়ে দ্রুত তাকে উদ্ধার করেন। স্থানীয় লোকজনের সহায়তায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ডাবুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াছমিন আকতার বলেন, ‘নালায় স্রোত থাকায় শিশুটি ভেসে গিয়েছিল। আমি পরিষদে যাওয়ার সময় তাকে উদ্ধার করতে দেখি এবং দ্রুত আমার গাড়িতে করে হাসপাতালে নিয়ে যাই। কিন্তু দুর্ভাগ্যবশত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
আপনার মতামত লিখুন