চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি পুলিশ চেকপোস্টে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে দুটি দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন নিজেকে স্থানীয় যুবদল নেতা হিসেবে পরিচয় দিয়েছেন। মঙ্গলবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে এ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, চুনতি চেকপোস্টে নিয়মিত তল্লাশির সময় ঢাকা মেট্রো-গ-১৭-৩০৬৫ নম্বরের একটি প্রাইভেটকারকে থামার সংকেত দেওয়া হয়। কিন্তু চালক সংকেত অমান্য করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পুলিশ ধাওয়া করে চুনতি মহিলা কলেজ সংলগ্ন এলাকা থেকে গাড়িটি আটক করে। এ সময় গাড়িতে থাকা ব্যক্তিরা দুটি দেশীয় অস্ত্র বাইরে ফেলে দিলে পুলিশ তা উদ্ধার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-কক্সবাজারের চকরিয়ার আয়াত উল্লাহ (২৮), লক্ষ্মীপুরের রামগতির হোসাইন আহম্মেদ (৪২) এবং ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের মো. আসাদুজ্জামান (৩৮)।
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলামের উপস্থিতিতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা অস্ত্র সরবরাহে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করার কথা স্বীকার করেছেন। তবে অস্ত্রের প্রকৃত উৎস ও গন্তব্য সম্পর্কে তদন্ত চলছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে গ্রেপ্তার হওয়া আয়াত উল্লাহ নিজেকে মাতামুহুরী উপজেলা যুবদলের গণশিক্ষাবিষয়ক সম্পাদক এবং বিএনপির কেন্দ্রীয় নেতা সালাহউদ্দিন আহমদের অনুসারী বলে দাবি করেন। অন্য এক ব্যক্তি নিজেকে পল্লবী থানা মৎস্যজীবী দলের সদস্য বলে পরিচয় দেন। এ বিষয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ জানান, গ্রেপ্তার ব্যক্তিদের রাজনৈতিক পরিচয় ও দাবির সত্যতা যাচাই করা হচ্ছে। এ ঘটনায় লোহাগাড়া থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।
আপনার মতামত লিখুন