মাগুরার শালিখা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট স্ত্রী ও দেড় বছরের শিশু সন্তানকে বাঁচাতে গিয়ে অপূর্ব বিশ্বাস (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২২ জুলাই) সকালে উপজেলার আড়পাড়া ইউনিয়নের পুকুরিয়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত অপূর্ব বিশ্বাস ওই গ্রামের মৃত অমল বিশ্বাসের ছেলে। তিনি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন।
প্রতিবেশী ও পারিবারিক সূত্রে জানা যায়, আজ ভোর ছয়টার দিকে অপূর্বর স্ত্রী দিপা বিশ্বাস তার দেড় বছরের সন্তানকে কোলে নিয়ে বাড়ির ওপরের একটি জিআই (লোহার) তারে কাপড় শুকাতে যান। ওই তারটি কোনোভাবে বিদ্যুতায়িত হয়ে থাকায় দিপা সন্তানসহ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে পড়েন। তাদের চিৎকার শুনে অপূর্ব দ্রুত ঘর থেকে বেরিয়ে এসে স্ত্রী-সন্তানকে বাঁচাতে যান। এ সময় তিনি নিজেই বিদ্যুতায়িত তারের সঙ্গে জড়িয়ে যান।
পরে পরিবারের অন্য সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে অপূর্বর স্ত্রী ও সন্তান সুস্থ আছেন বলে জানা গেছে।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বলেন, ‘ঘটনাটি আমরা শুনেছি। তবে এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।’
পরিবারের তিন সদস্যের একমাত্র ভরসা অপূর্বর এমন অকাল মৃত্যুতে পুকুরিয়া গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। মা ও স্ত্রী-সন্তানকে নিয়ে গড়া অপূর্বর সাজানো সংসারটি এখন দিশেহারা।
আপনার মতামত লিখুন