সংবাদ
সংবাদ

প্রাথমিক শিক্ষায় ভাষার সংকটে আদিবাসী শিশুরা

ষ্টেফান সরেন
ষ্টেফান সরেন
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১১:৩৬ এএম

প্রাথমিক শিক্ষায় ভাষার সংকটে আদিবাসী শিশুরা
যেখানে একজন বাঙালি শিশুর জন্য প্রমিত বাংলা বুঝতে পারাই বড় শিক্ষাগত চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, সেখানে একজন আদিবাসী শিশুকে শিক্ষাজীবনের শুরুতেই সম্পূর্ণ অপরিচিত একটি ভাষার বর্ণমালা ও পাঠ্যবইয়ের মুখোমুখি হতে হচ্ছে

বিশ্বব্যাংক সম্প্রতি দেশের প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের মৌলিক শিখনঘাটতি পূরণে ৩০ কোটি (৩০০ মিলিয়ন) মার্কিন ডলারের ঋণসহায়তা অনুমোদন করেছে। গত ৮ নভেম্বর ২০২৬ ‘দৈনিক সংবাদ’-এ প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, বিশ্বব্যাংকের নিজস্ব তথ্য অনুযায়ী, বাংলাদেশের ১০ বছর বয়সী প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৫০ শতাংশ শিক্ষার্থী বয়স ও শ্রেণি অনুযায়ী উপযোগী একটি সাধারণ লেখা পড়ে তার অর্থ বুঝতে পারে না। প্রমিত বাংলা ভাষার পরিবেশে বেড়ে ওঠা এবং যাদের মাতৃভাষা বাংলা, সেই শিশুদের একটি বড় অংশেরই যদি এমন ভাষাগত ও শিখনসংকট থাকে, তাহলে দেশের সমতল ও পাহাড়ের প্রান্তিক আদিবাসী শিশুদের শিক্ষার বাস্তব চিত্র কতটা কঠিন, তা কি আমরা গভীরভাবে ভেবে দেখেছি?

যেখানে একজন বাঙালি শিশুর জন্য প্রমিত বাংলা বুঝতে পারাই বড় শিক্ষাগত চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, সেখানে একজন আদিবাসী শিশুকে শিক্ষাজীবনের শুরুতেই সম্পূর্ণ অপরিচিত একটি ভাষার বর্ণমালা ও পাঠ্যবইয়ের মুখোমুখি হতে হচ্ছে। তার ঘরের ভাষা সাঁওতালি, কুরুখ, মুন্ডারি, মারমা কিংবা আচিক। কিন্তু বিদ্যালয়ে গিয়ে সে এমন একটি ভাষায় পাঠ গ্রহণ করতে বাধ্য হচ্ছে, যা তার কাছে অপরিচিত। ফলে ভাষা বুঝতে না পেরে এবং বর্ণমালার জটিলতায় আটকে গিয়ে প্রাথমিক শিক্ষার শুরুতেই তারা হারিয়ে ফেলছে শেখার আগ্রহ।

এই গভীর শিক্ষাগত ও মনস্তাত্ত্বিক সংকট সম্পর্কে বহুভাষিক শিক্ষা (এমএলই) ও প্রাক্‌-প্রাথমিক শিশু বিকাশের উদ্ভাবক এবং মেননাইট সেন্ট্রাল কমিটির (এমসিসি) শিক্ষা কর্মকর্তা জেমস কিস্কু একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তার মতে, “একটি শিশু যখন প্রাক্‌-প্রাথমিক স্তরে প্রথম স্কুলে পা রাখে, তখন তার চেনা পৃথিবীর সঙ্গে যোগাযোগের একমাত্র সেতু হলো তার মায়ের মুখের ভাষা। প্রাক্‌-প্রাথমিক স্তরের আদিবাসী শিশুদের ওপর জোর করে অন্য কোনো ভাষা চাপিয়ে দেওয়া মানে তাদের স্বাভাবিক মানসিক বিকাশের পথ শুরুতেই রুদ্ধ করে দেওয়া। আমাদের প্রথম লক্ষ্য হওয়া উচিত বহুভাষিক শিক্ষা (এমএলই) কাঠামোর সঠিক বাস্তবায়ন। বিশ্বব্যাংকের এই নতুন তহবিলের একটি বড় অংশ ব্যয় করা উচিত আদিবাসী ভাষার প্রাক্‌-প্রাথমিক পাঠ্যবই বিতরণের পাশাপাশি শ্রেণিকক্ষে শিশুদের মাতৃভাষায় পাঠদান করতে পারেন—এমন স্থানীয় আদিবাসী শিক্ষকদের প্রশিক্ষণে। প্রাক্‌-প্রাথমিক স্তরে শিশুর শিক্ষার ভিত্তি নিজের ভাষায় শক্ত না হলে পরবর্তী শ্রেণিতে গিয়ে তার বাংলা বা ইংরেজি শেখার স্বপ্ন বাস্তবায়ন কঠিন হয়ে পড়বে।”

আদিবাসী শিশুদের শিক্ষাসংকটের অন্যতম প্রধান কারণ মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা গ্রহণের সুযোগের অভাব। জাতীয় শিক্ষানীতি ২০১০-এ ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশুদের মাতৃভাষায় প্রাথমিক শিক্ষার অধিকারের কথা স্পষ্টভাবে বলা হয়েছে। সরকারিভাবে চাকমা, মারমা, ত্রিপুরা, গারো ও ওরাওঁ—এই পাঁচটি ভাষায় প্রাক্‌-প্রাথমিকের বই বিতরণ করা হলেও বাস্তবে তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। সমতলের সাঁওতাল, মাহালী, কোল, কোডা, মাহাতো ও তুরি সম্প্রদায়ের শিশুরা প্রথম দিন বিদ্যালয়ে গিয়ে সম্পূর্ণ অপরিচিত পরিবেশের মুখোমুখি হয়। বইয়ের ভাষা তাদের জানা নেই, শিক্ষকের কথাও তারা বুঝতে পারে না।

এই ভাষাগত বাধার কারণে আদিবাসী অধ্যুষিত এলাকার বিদ্যালয়গুলোতে প্রধানত তিনটি সংকট দেখা দেয়।

প্রথমত, দক্ষ ও স্থানীয় শিক্ষকের অভাব। বেশির ভাগ প্রাথমিক বিদ্যালয়ে আদিবাসী সম্প্রদায়ের নিজস্ব ভাষায় কথা বলতে পারেন, এমন স্থানীয় শিক্ষক নেই। ফলে শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে কার্যকর যোগাযোগ গড়ে ওঠে না।

দ্বিতীয়ত, মনস্তাত্ত্বিক ভীতি। শিক্ষকের ভাষা ও নির্দেশনা বুঝতে না পেরে আদিবাসী শিশুরা শ্রেণিকক্ষে একাকিত্ব, ভয় ও হীনম্মন্যতায় ভোগে। বিদ্যালয়ের পরিবেশ তাদের কাছে হয়ে ওঠে অপরিচিত ও ভীতিকর।

তৃতীয়ত, ঝরে পড়ার উচ্চ হার। প্রথম বা দ্বিতীয় শ্রেণিতে ওঠার আগেই সমতলের প্রায় ৬০ থেকে ৭০ শতাংশ আদিবাসী শিশু বিদ্যালয় থেকে ঝরে পড়ে বলে উল্লেখ করা হয়েছে। এ পরিস্থিতি দেশের সামগ্রিক সাক্ষরতার হার বৃদ্ধি এবং প্রাথমিক শিক্ষায় শতভাগ ভর্তি নিশ্চিত করার লক্ষ্যমাত্রাকে প্রশ্নের মুখে ফেলছে।

বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থাগুলো প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষাক্ষেত্রে বৈষম্য দূর করতে কোটি কোটি টাকার ঋণ ও অনুদান দিচ্ছে। এসব অর্থের একটি বড় অংশ আদিবাসী ও প্রান্তিক শিশুদের ভাষাগত সংকট দূর করতে ব্যয় করা জরুরি। শুধু আধুনিক শ্রেণিকক্ষ, ঝকঝকে ভবন কিংবা ল্যাপটপ বিতরণ করে শিক্ষার গুণগত পরিবর্তন সম্ভব নয়। শ্রেণিকক্ষে শিশু যদি শিক্ষকের কথাই বুঝতে না পারে, তাহলে শিক্ষার কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে না।

সমতলের প্রান্তিক আদিবাসী শিশুরা যখন বিদ্যালয়ে গিয়ে দেখে, সেখানে তাদের মাতৃভাষার কোনো গুরুত্ব নেই, তখন তারা রাষ্ট্র ও প্রাতিষ্ঠানিক শিক্ষাব্যবস্থা—উভয়টি থেকেই মানসিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে। এটি শুধু শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হওয়ার বিষয় নয়; বরং একটি জনগোষ্ঠীর নিজস্ব ভাষা ও সংস্কৃতিকে বিলুপ্তির ঝুঁকিতে ঠেলে দেওয়ারও শামিল। এটি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) ‘কাউকে পেছনে ফেলে নয়’ নীতিরও পরিপন্থী।

দেশের প্রাথমিক শিক্ষার সামগ্রিক মানোন্নয়ন নিশ্চিত করতে হলে বৈষম্যের এই কাঠামোগত বাধা দূর করতে হবে। বিশ্বব্যাংকের চলমান ঋণসহায়তা প্রকল্পের আওতায় অবিলম্বে কয়েকটি পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

প্রথমত, স্থানীয় শিক্ষক নিয়োগ। আদিবাসী অধ্যুষিত এলাকার প্রাথমিক বিদ্যালয়গুলোতে অগ্রাধিকার ভিত্তিতে স্থানীয় আদিবাসী শিক্ষক নিয়োগ দিতে হবে। তারা শিশুদের মাতৃভাষা ও বাংলার মধ্যে কার্যকর সেতুবন্ধ তৈরি করতে পারবেন।

দ্বিতীয়ত, দ্বিভাষিক শিক্ষাব্যবস্থা চালু। প্রাক্‌-প্রাথমিক থেকে অন্তত তৃতীয় শ্রেণি পর্যন্ত আদিবাসী শিশুদের মাতৃভাষায় পাঠদানের পূর্ণাঙ্গ ব্যবস্থা গড়ে তুলতে হবে। এ জন্য প্রয়োজনীয় পাঠ্যবই তৈরি এবং শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।

তৃতীয়ত, বিশেষ সহায়ক শিক্ষা কার্যক্রম চালু। বিশ্বব্যাংকের অর্থায়নের একটি নির্দিষ্ট অংশ সমতল ও পাহাড়ের প্রান্তিক অঞ্চলের শিশুদের জন্য বিশেষ ভাষা শিক্ষা ও শিখনঘাটতি পূরণের কার্যক্রমে বরাদ্দ করতে হবে, যাতে তারা ধীরে ধীরে বাংলা ভাষার সঙ্গে পরিচিত হতে পারে।

এ ক্ষেত্রে মেননাইট সেন্ট্রাল কমিটি (এমসিসি) এবং ন্যাশনাল এজেন্সি ফর গ্রিন রেভল্যুশন (এনএজিআর) পরিচালিত ‘এমএলই প্রাক্‌-প্রাথমিক বিদ্যালয়’ প্রকল্পের উদাহরণ দেওয়া যায়। এই মডেলে শিশু, স্থানীয় আদিবাসী তরুণ ও অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণের ফলে শিশুদের শিখনদক্ষতা বাড়ার অভিজ্ঞতা পাওয়া গেছে। সরকারি উদ্যোগে এ ধরনের কার্যকর মডেল দেশব্যাপী সম্প্রসারণ করা এখন সময়ের দাবি।

বাঙালি শিশুর পড়ার দক্ষতার ঘাটতি যদি জাতীয় উদ্বেগের কারণ হয়, তাহলে সমতল ও পাহাড়ের আদিবাসী শিশুদের মাতৃভাষায় শিক্ষা থেকে বঞ্চিত হওয়া এবং বিদ্যালয় থেকে ঝরে পড়ার বিষয়টিও সমান গুরুত্ব পাওয়া উচিত। উন্নয়ন সহযোগীদের ঋণের অর্থ যেন শুধু কাগুজে সংস্কার ও অবকাঠামোগত উন্নয়নে সীমাবদ্ধ না থাকে। সেই অর্থের সুফল পৌঁছাতে হবে সমতল ও পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলের আদিবাসী শিশুর কাছে। তার মুখের ভাষাকেও শিক্ষার উপযুক্ত মাধ্যম হিসেবে স্বীকৃতি দিতে হবে। এখনই এ বিষয়ে কার্যকর নীতিগত সিদ্ধান্ত নেওয়া জরুরি।

(লেখকের নিজস্ব মত)

[লেখক: উন্নয়নকর্মী]

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

প্রাথমিক শিক্ষায় ভাষার সংকটে আদিবাসী শিশুরা

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত