নওগাঁয় হাম-রুবেলা টিকাদান কর্মসূচি উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলনকক্ষে এই সভার আয়োজন করা হয়।
সভায় জানানো হয়, আগামী ২০ এপ্রিল থেকে জেলায় হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু হবে, যা চলবে ১১ মে পর্যন্ত। এই কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের টিকা দেওয়া হবে। জেলায় মোট ২ লাখ ৬০ হাজার ৬৮৭ জন শিশুকে এই টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্বাস্থ্য বিভাগ।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, টিকাদান কর্মসূচি বাস্তবায়নে জেলার বিভিন্ন স্থানে মোট ২ হাজার ৫০০টি কেন্দ্র স্থাপন করা হয়েছে। এসব কেন্দ্রে প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীরা শিশুদের টিকা দেবেন।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম। তিনি জানান, নিয়মিত সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় কোনো শিশু যদি গত ২৮ দিনের মধ্যে কোনো টিকা গ্রহণ করে থাকে, তবে তাকে এই কর্মসূচিতে হাম-রুবেলার টিকা দেওয়া হবে না। এ ছাড়া অসুস্থ শিশুদেরও টিকা না দেওয়ার নির্দেশনা রয়েছে।
সিভিল সার্জন আরও বলেন, অভিভাবকের সম্মতি ছাড়া কোনো শিশুকে টিকা দেওয়া হবে না। তাই শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় অভিভাবকদের সচেতনতা ও সহযোগিতা একান্ত প্রয়োজন। কর্মসূচিটি সফল করতে তিনি গণমাধ্যমকর্মীদের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।
সভায় আরও উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. মুনির আলী আকন্দ, মেডিকেল অফিসার ডা. নুজহাত তাবাসসুম, ডা. নাজিয়া তাসনিম ও সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট আবু মো. শফিকুল ইসলামসহ জেলায় কর্মরত সাংবাদিকেরা।
আপনার মতামত লিখুন