জামালপুরের ইসলামপুর উপজেলার মলমগঞ্জ বাজারে একটি দোকান দখল ও ভাঙচুরকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (২২ এপ্রিল) বিকেলে ঘটা এই হামলায় অন্তত পাঁচ থেকে সাতজন গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগীদের অভিযোগ, বুধবার দুপুরে মলমগঞ্জ বাজারে একটি পারিবারিক দোকান জোরপূর্বক দখলের চেষ্টা চালায় একদল দুর্বৃত্ত। এ সময় দোকানের মালিক ও তাদের স্বজনেরা বাধা দিতে গেলে সামসুল হক প্রধান, ফিরোজ আহমেদ, আপন মিয়া ও শিহাব প্রধানের নেতৃত্বে প্রায় অর্ধশতাধিক লোক তাদের ওপর অতর্কিত হামলা চালায়।
আহতদের স্বজনদের দাবি, হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করেছে। এতে অন্তত সাতজন আহত হন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের উদ্ধার করে দেওয়ানগঞ্জ ও ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, হামলাকারীরা বিএনপির নাম ভাঙিয়ে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এই দখলের চেষ্টা করেছে। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। এই ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনগত ও দলীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
হামলার পর থেকে মলমগঞ্জ বাজার এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।
এ বিষয়ে ইসলামপুর থানার পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে খোঁজখবর নিয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন