পার্বত্য জেলা খাগড়াছড়িতে শান্তি, সম্প্রীতি ও জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে মানবিক সহায়তা প্রদান করেছে খাগড়াছড়ি সেনা রিজিয়ন। মঙ্গলবার (২১ জুলাই) সকালে রিজিয়ন সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে ৩ লাখ ২৮ হাজার ৬০০ টাকা মূল্যের বিভিন্ন সহায়তা সামগ্রী ও আর্থিক অনুদান বিতরণ করা হয়।
সহায়তাগ্রহীতাদের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে উচ্চশিক্ষার সুবিধার্থে একটি ল্যাপটপ এবং সাপ্তাহিক ‘রূপসী কাপ্তাই-রাঙামাটি’ পত্রিকাকে একটি মনিটর প্রদান করা হয়েছে। এ ছাড়া জেলার ১০ জন অসহায় ও অসচ্ছল রোগীকে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা এবং চারজন ব্যক্তিকে বসতঘর মেরামতের জন্য ঢেউটিন ও নগদ অর্থ দেওয়া হয়।
একই অনুষ্ঠানে দুজন অসচ্ছল শিক্ষার্থীর পড়াশোনার খরচ, বায়তুল করিম মাদ্রাসা কমপ্লেক্স মসজিদের জন্য সাউন্ড সিস্টেম এবং খাগড়াছড়ি মহিলা মাদ্রাসার সংস্কার কাজের জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। খাগড়াছড়ি সেনা রিজিয়নের পক্ষ থেকে এসব উপহার পেয়ে সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উপকারভোগীরা।
খাগড়াছড়ি রিজিয়নের পক্ষ থেকে জানানো হয়, পার্বত্য অঞ্চলে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি স্থানীয় মানুষের জীবনমান উন্নয়নে এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। নিয়মিত বিনামূল্যে চিকিৎসা, শিক্ষা সহায়তা এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সেনাবাহিনী স্থানীয় জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। এসব উদ্যোগ পার্বত্য এলাকায় পারস্পরিক আস্থা ও সম্প্রীতির পরিবেশ আরও সুদৃঢ় করবে বলে মনে করে সেনাবাহিনী।
আপনার মতামত লিখুন