কুষ্টিয়া সরকারি কলেজে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করতে গিয়ে সাধারণ শিক্ষার্থীদের তীব্র প্রতিবাদ ও তোপের মুখে পড়েছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। বৃহস্পতিবার (৭ মে) সকালে কলেজ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। শিক্ষার্থীদের ‘ভুয়া ভুয়া’ স্লোগানের মুখে একপর্যায়ে পুলিশি পাহারায় তিনি ক্যাম্পাস ত্যাগ করেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে কলেজের আন্তবিভাগীয় মিনি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করতে আসেন সংসদ সদস্য আমির হামজা। এ সময় ক্যাম্পাসে নির্বিচারে বৃক্ষনিধনের প্রতিবাদে প্রবেশদ্বারের সামনে মানববন্ধন করছিলেন সাধারণ শিক্ষার্থীরা। আমির হামজা অনুষ্ঠানস্থলে পৌঁছালে শিক্ষার্থীরা সেখানে গিয়ে বিক্ষোভ শুরু করেন এবং তাকে লক্ষ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন।
বিক্ষোভের মধ্যেই কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোল্লা মো. রুহুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়। প্রধান অতিথির বক্তব্যে আমির হামজা শিক্ষার্থীদের স্লোগানে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমি হুজুর না। যারা এসব করছেন, তাদের তালিকা আমার কাছে আছে। আমি ওপর মহলে নালিশ দেব। আমি ভুয়া কি না, তা আজ আপনাদের দেখাব।’ প্রায় সাত মিনিটের বক্তব্যে তিনি আন্দোলনকারী শিক্ষার্থীদের দেখে নেওয়ার হুমকি দেন বলে অভিযোগ ওঠে।
উদ্বোধন শেষে সংসদ সদস্য অধ্যক্ষের কার্যালয়ে গেলে শিক্ষার্থীরা সেখানেও অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। পরে পুলিশি পাহারায় তিনি কার্যালয় থেকে বের হয়ে গাড়ি নিয়ে ক্যাম্পাস ত্যাগ করেন।
এদিকে সংসদ সদস্যের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে দাবি করা হয়, ছাত্রদল নেতাকর্মীরা তাকে অবরুদ্ধ করে রেখেছেন। তবে কুষ্টিয়া মডেল থানার ওসি কবির হোসেন মাতুব্বর অবরুদ্ধ করার বিষয়টি অস্বীকার করে বলেন, ‘আমি নিজেই সংসদ সদস্যের সঙ্গে ছিলাম। তিনি অধ্যক্ষের সঙ্গে কথা বলে আমার সঙ্গেই ক্যাম্পাস থেকে বের হয়ে গেছেন।’
প্রসঙ্গত, গত ৪ মে রাতে টুর্নামেন্টের প্যান্ডেল তৈরির জন্য কলেজের মাঠের পাশের অন্তত ২০টি গাছ কেটে ফেলা হয়। শিক্ষকদের লাগানো ও পরিচর্যা করা এই গাছগুলো রাতের আঁধারে কাটার ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, অধ্যক্ষের একক সিদ্ধান্তেই এই বৃক্ষনিধন করা হয়েছে। এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছে।
আপনার মতামত লিখুন