‘গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক’ বা বিশ্ব জলবায়ু ধর্মঘট উপলক্ষে জলবায়ু ন্যায়বিচারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন করেছেন তরুণ জলবায়ু কর্মীরা। শুক্রবার (৮ মে) সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে শতাধিক তরুণের অংশগ্রহণে এ কর্মসূচি পালিত হয়।
সাতক্ষীরা ইয়ুথ হাবের আয়োজনে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা সিডোর (SEEDO) বাস্তবায়নে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সহযোগিতা করে গ্লোবাল প্ল্যাটফর্ম বাংলাদেশ ও একশনএইড বাংলাদেশ।
মানববন্ধনে তরুণ জলবায়ু কর্মী রিপন হোসেন বলেন, বাংলাদেশ বর্তমানে জীবাশ্ম জ্বালানি নিঃসরণজনিত বড় ঝুঁকির মুখে রয়েছে। ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় কয়লা ও তেলের ওপর নির্ভরতা কমিয়ে দ্রুত নবায়নযোগ্য জ্বালানির দিকে এগোতে হবে।
আরেক কর্মী শাহনাজ পারভীন জলবায়ু আন্দোলনে নারীর ভূমিকার ওপর জোর দিয়ে বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে নারীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন, অথচ তাদের কথা কম শোনা হয়। তাই জলবায়ু ন্যায়বিচারে নারীর নেতৃত্ব নিশ্চিত করা জরুরি।
কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বেসরকারি সংস্থা স্বদেশের নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত বলেন, জ্বালানি ব্যবহারের সুযোগ একটি মৌলিক মানবাধিকার। পরিবেশের ভারসাম্য রক্ষায় জীবাশ্ম জ্বালানি থেকে সরে এসে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানো এখন সময়ের দাবি।
আয়োজকেরা জানান, বিশ্বের অন্যতম জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশে প্রতিবছর একশনএইড বাংলাদেশের ‘ফান্ড আওয়ার ফিউচার’ ক্যাম্পেইনের আওতায় তরুণ জলবায়ু কর্মীদের সংগঠিত করা হচ্ছে।
আপনার মতামত লিখুন