সংবাদ

ফরিদগঞ্জে ভূমি অফিসের কাছে খাসজমিতে ৫ তলা ভবন নির্মাণ

প্রতিনিধি, ফরিদগঞ্জ (চাঁদপুর)
প্রতিনিধি, ফরিদগঞ্জ (চাঁদপুর)
প্রকাশ: ৯ মে ২০২৬, ০৪:৪৪ পিএম

ফরিদগঞ্জে ভূমি অফিসের কাছে খাসজমিতে ৫ তলা ভবন নির্মাণ
চাঁদপুরের ফরিদগঞ্জের রূপসা বাজারে সরকারি জমি দখল করে নিয়মবহির্ভূতভাবে নির্মাণ করা হচ্ছে এই পাঁচতলা ভবনটি। ছবি : সংবাদ

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা উত্তর ইউনিয়ন ভূমি কার্যালয়ের পাশেই সরকারি জমি দখল করে একটি বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে এক ব্যবসায়ীর বিরুদ্ধে। রূপসা বাজারে ভবন নির্মাণ বিধিমালা উপেক্ষা করে প্রকাশ্যে এই নির্মাণকাজ চললেও সংশ্লিষ্ট প্রশাসনের জোরালো ভূমিকা না থাকায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

সরেজমিন দেখা যায়, ইউনিয়ন ভূমি কার্যালয় থেকে মাত্র ৫০০ ফুট দূরে সরকারি জমিতে পাঁচতলা ভবন নির্মাণ করছেন খোকন দেবনাথ নামের এক ওষুধ ব্যবসায়ী। এর আগে সেখানে তার ‘দেবনাথ ফার্মেসি’ নামে একটি দোকান থাকলেও এখন সরকারি জমি দখল করে দোকানটির সঙ্গে বহুতল ভবন জুড়ে দেওয়া হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রূপসা মৌজার ১ নম্বর খতিয়ানের ৩২৪২ দাগের জমিটি সরকারি খাস সম্পত্তি। এই সম্পত্তি বন্দোবস্ত পাওয়ার জন্য খোকন দেবনাথ ও তার স্ত্রী গত ১৭ ফেব্রুয়ারি জেলা প্রশাসকের কাছে আবেদন করেছিলেন। তখন ভূমি কার্যালয় থেকে তাদের নিজস্ব মালিকানাধীন জমিতে ব্যবসা পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু সেই নির্দেশনা অমান্য করেই তিনি সরকারি জমিতে ভবন নির্মাণ শুরু করেন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ভবনটি নির্মাণের আগে কোনো মাটি পরীক্ষা (সয়েল টেস্ট) করা হয়নি। ভূমি কার্যালয়ের এত কাছে কীভাবে সরকারি জমিতে এমন স্থাপনা গড়ে উঠছে, তা নিয়ে তারা প্রশ্ন তুলেছেন। অপরিকল্পিত এই স্থাপনার কারণে যেকোনো সময় ভবনটি ধসে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন তারা।

অভিযুক্ত খোকন দেবনাথ অবশ্য দাবি করেছেন, তিনি ক্রয়সূত্রে মালিক হওয়া জমিতেই ভবন নির্মাণ করছেন। তবে ভবন নির্মাণের নিয়ম লঙ্ঘনের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘সয়েল টেস্ট করা হয়নি ঠিকই, তবে অভিজ্ঞ রাজমিস্ত্রি দিয়ে কাজ করাচ্ছি। ভবন করার বিষয়ে ভূমি অফিস থেকে অনুমোদন নিয়েছি।’

সরকারি জমি দখলের বিষয়টি নিশ্চিত করে রূপসা উত্তর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, ‘অবৈধভাবে ভবন নির্মাণে খোকন দেবনাথকে একাধিকবার নিষেধ করা হলেও তিনি কর্ণপাত করেননি। গত ১২ এপ্রিল ওই স্থাপনা উচ্ছেদের জন্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত আবেদন পাঠানো হয়েছে।’

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ আর এম জাহিদ হাসান বলেন, ‘খোকন দেবনাথ তার আগের দোকান মেরামতের অনুমতির কথা বলে সরকারি জমি দখল করে ভবন নির্মাণ করছেন। একই সঙ্গে তিনি ভবন নির্মাণ আইনও ভঙ্গ করেছেন। তার বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় আইনি ব্যবস্থা ও উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।’

ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেটু কুমার বড়ুয়া বলেন, অভিযোগ পাওয়ার পর সহকারী কমিশনারকে (ভূমি) বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি সম্পত্তি রক্ষায় কোনো ছাড় দেওয়া হবে না।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০৯ মে ২০২৬

ফরিদগঞ্জে ভূমি অফিসের কাছে খাসজমিতে ৫ তলা ভবন নির্মাণ

প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত