পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, ‘আওয়ামী লীগের মধ্যে যারা কোনো অপকর্মে জড়াননি, তাদের কোনো সমস্যা নেই। তবে যারা অতীতে অপরাধ করেছেন, তাদের বিচার করবে আইন।’
শুক্রবার (৮ মে) বিকেলে পটুয়াখালীর দুমকি উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠন আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চাঁদাবাজি, মাদক, সন্ত্রাস ও সালিশ বাণিজ্যের মতো কোনো অপকর্মকে প্রশ্রয় দেওয়া হবে না। অপরাধী যে দলেরই অনুসারী হোক না কেন, তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। তিনি মনে করিয়ে দেন, কেউই আইনের ঊর্ধ্বে নয়।
দলের নেতাকর্মীদের উদ্দেশে আলতাফ হোসেন চৌধুরী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক গৃহীত কর্মসূচিগুলো বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে সহযোগিতা করতে হবে। শান্তিশৃঙ্খলা বজায় রেখে জনকল্যাণে কাজ করারও আহ্বান জানান তিনি।
কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. মো. দেলোয়ার হোসেন, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তৌফিক আলী খান কবির ও উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন হাওলাদার।
উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মতিউর রহমান দিপুর সঞ্চালনায় সভায় উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন