সিলেটে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় বিভাগে হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩১ জনে। মৃতদের সবাই শিশু।
বুধবার (১৩ মে) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় এসব তথ্য নিশ্চিত করেছে।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিন শিশু হলো-সিলেটের কানাইঘাটের হাফিজা আক্তার (২ বছর ৩ মাস), সুনামগঞ্জের জগন্নাথপুরের রাইসা জান্নাত (১ বছর ৪ মাস) এবং ছাতকের আরিয়া জান্নাত (৮ মাস)।
স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে আরও ৯২ জন সন্দেহভাজন হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে সিলেটের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২১৭ জন। এর মধ্যে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১১০ জন এবং সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ জন ভর্তি আছেন। এ ছাড়া সুনামগঞ্জ সদর হাসপাতালসহ হবিগঞ্জ ও মৌলভীবাজারের বিভিন্ন হাসপাতালেও রোগীর চাপ বাড়ছে।
বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে ১৪৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৭৩ জন শনাক্ত হয়েছে সুনামগঞ্জ জেলায়।
হাম রোগীর চাপ বেড়ে যাওয়ায় গত সোমবার থেকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে ৩২ শয্যার একটি বিশেষ ‘হাম আইসোলেশন ইউনিট’ চালু করা হয়েছে। এ ছাড়া পাঁচ শয্যার একটি নিবিড় পরিচর্যা কেন্দ্রও (আইসিইউ) বাড়ানো হয়েছে। সব মিলিয়ে সিলেটে হাম রোগীদের জন্য আইসিইউ শয্যার সংখ্যা এখন ২২।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ওমর মুনীর রাশেদ বলেন, হামের প্রকোপ বেড়ে যাওয়ায় হাসপাতালে রোগীর স্থানসংকুলান হচ্ছিল না। এ কারণে নতুন আইসোলেশন ইউনিট ও আইসিইউ শয্যা বাড়ানো হয়েছে।
আপনার মতামত লিখুন